ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনসহ দেশের ছয়টি সিটি কর্পোরেশনে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। রোববার স্থানীয় সরকার বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন মো. আব্দুস সালাম। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক হয়েছেন মো. শফিকুল ইসলাম খান।
এছাড়া খুলনা সিটি কর্পোরেশনে নজরুল ইসলাম মঞ্জু, সিলেট সিটি কর্পোরেশনে আব্দুল কাইয়ুম চৌধুরী, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে মো. সাখাওয়াত হোসেন খান এবং গাজীপুর সিটি কর্পোরেশনে মো. শওকত হোসেন সরকারকে দায়িত্ব দেওয়া হয়েছে।
‘স্থানীয় সরকার সিটি কর্পোরেশন সংশোধন অধ্যাদেশ ২০২৪’ এর ধারা ২৫ক এর উপধারা ১ অনুযায়ী, কর্পোরেশন গঠিত না হওয়া পর্যন্ত বা নির্বাচিত প্রতিনিধিরা দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত এসব সিটি কর্পোরেশনে পূর্ণকালীন প্রশাসক হিসেবে তারা দায়িত্ব পালন করবেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
এতে আরও বলা হয়, একই অধ্যাদেশের ধারা ২৫ক এর উপধারা ৩ অনুযায়ী নিয়োগপ্রাপ্ত প্রশাসকরা মেয়রের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। বিধি অনুযায়ী তারা ভাতা ও অন্যান্য প্রাপ্য সুবিধা পাবেন।
বাংলাদেশ থেকে আরো পড়ুন