ইরানের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে কাতার ও বাহরাইনে অবস্থানরত যুক্তরাষ্ট্রের শত শত সেনা সরিয়ে নেওয়ার তথ্য প্রকাশ করেছে মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস। শুক্রবার প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদন অনুযায়ী, কাতারের আল উবেইদ বিমানঘাঁটি এবং বাহরাইনে অবস্থিত মার্কিন নৌঘাঁটি থেকে সীমিতসংখ্যক সেনা প্রত্যাহার শুরু হয়েছে। বাহরাইনের ঘাঁটিটি মার্কিন নৌবাহিনীর পঞ্চম নৌবহরের কার্যক্রমের জন্য ব্যবহৃত হয়। তবে মধ্যপ্রাচ্যের অন্য ছয় দেশে অবস্থিত মার্কিন ঘাঁটি থেকে এখনো সেনা সরানোর কোনো তথ্য পাওয়া যায়নি।
মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের তথ্য অনুযায়ী, মধ্যপ্রাচ্যের আটটি দেশে যুক্তরাষ্ট্রের প্রায় ৩০ থেকে ৪০ হাজার সেনা মোতায়েন রয়েছে। কাতার, বাহরাইন, ইরাক, সিরিয়া, কুয়েত, সৌদি আরব, জর্ডান ও সংযুক্ত আরব আমিরাতে এসব ঘাঁটি রয়েছে।
২০২৫ সালের জুনে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার সময় ইরান কাতারের আল উবেইদ ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল বলে জানা যায়। সাম্প্রতিক সময়ে জাতিসংঘের মহাসচিবের কাছে পাঠানো এক চিঠিতে জাতিসংঘে নিযুক্ত ইরানের প্রতিনিধি আমির সাঈদ ইরাভানি সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে আগ্রাসী পদক্ষেপ নিলে মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলো বৈধ লক্ষ্যবস্তু হিসেবে বিবেচিত হবে।
এই সতর্কবার্তার পরই পেন্টাগন কাতার ও বাহরাইন থেকে সেনা সরানোর সিদ্ধান্ত নেয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে এ বিষয়ে মার্কিন সামরিক বাহিনীর কেন্দ্রীয় কমান্ড সেন্টকমের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
পরিস্থিতি পর্যবেক্ষণ করে বিশ্লেষকরা বলছেন, এটি পূর্ণমাত্রার প্রত্যাহার নয়, বরং নিরাপত্তাজনিত ঝুঁকি বিবেচনায় সীমিত পুনর্বিন্যাস হতে পারে।
সূত্র: নিউইয়র্ক টাইমস, আনাদোলু এজেন্সি
বিশ্ব থেকে আরো পড়ুন