বাংলাদেশ

আসিফ নজরুলের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য কোচ সালাহউদ্দিনের

প্রকাশ: ২০ ফেব্রুয়ারী ২০২৬ ১৮:৩৬

জাতীয় ক্রিকেট দলের সিনিয়র সহকারী কোচ সালাহউদ্দিন

চলমান টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশ না নেওয়া নিয়ে অবশেষে মুখ খুললেন জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন। ভারতের মাটিতে অনুষ্ঠিত আসরে দল না পাঠানোর সিদ্ধান্তের দায় তৎকালীন অন্তর্বর্তীকালীন সরকার ও সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের ওপরই বর্তায় বলে মন্তব্য করেছেন তিনি।

শুক্রবার বাংলাদেশ ক্রিকেট লিগ শুরুর আগে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে সালাউদ্দিন বলেন, বিশ্বকাপে না যাওয়ার বিষয়ে আসিফ নজরুল পরস্পরবিরোধী বক্তব্য দিয়েছেন। প্রথমে এটিকে সরকারের সিদ্ধান্ত বলা হলেও পরে দায় চাপানো হয় ক্রিকেট বোর্ড ও খেলোয়াড়দের ওপর। এমন অবস্থান পরিবর্তনকে তিনি বিস্ময়কর বলে উল্লেখ করেন।

তার ভাষায়, একজন শিক্ষক ও দায়িত্বশীল ব্যক্তির কাছ থেকে এমন বক্তব্য প্রত্যাশিত ছিল না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে দায়িত্বশীল অবস্থানে থেকে এভাবে অবস্থান বদল করাকে তিনি অনভিপ্রেত বলে মন্তব্য করেন।

কোচ সালাউদ্দিন জানান, ২২ জানুয়ারি নিরাপত্তা ঝুঁকির কথা উল্লেখ করে বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্ত সরকারিভাবে নেওয়া হয়েছিল। কিন্তু পরবর্তীতে বক্তব্য পরিবর্তন হওয়ায় ক্রিকেটারদের মধ্যে তীব্র হতাশা ও মানসিক আঘাত তৈরি হয়।

তিনি বলেন, একটি বিশ্বকাপ একজন ক্রিকেটারের বহু বছরের স্বপ্ন। সেই স্বপ্ন হঠাৎ ভেঙে গেলে তার প্রভাব গভীর হয়। ব্যক্তিগতভাবে তিনি দাবি করেন, দুইজন ক্রিকেটার চরম মানসিক বিপর্যয়ের মধ্যে পড়ে কয়েকদিন স্বাভাবিক অবস্থায় ছিলেন না। পরে তাদের মাঠে ফেরানোই তার কোচিং জীবনের বড় সাফল্য বলে উল্লেখ করেন তিনি।

সালাউদ্দিনের মতে, এক থেকে দেড় বছর ধরে প্রস্তুতি নেওয়া খেলোয়াড়দের জন্য এই সিদ্ধান্ত ছিল অত্যন্ত বেদনাদায়ক। কেবল খেলোয়াড়দের নয়, দেশের ক্রিকেটের ভাবমূর্তিও এতে ক্ষতিগ্রস্ত হয়েছে।

উল্লেখ্য, নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দল না পাঠানোর সিদ্ধান্ত নেয় তৎকালীন অন্তর্বর্তীকালীন সরকার। সেই সিদ্ধান্ত ঘিরে দেশজুড়ে সমালোচনা তৈরি হয় এবং ক্রীড়া অঙ্গনে বিতর্কের জন্ম দেয়।

বাংলাদেশ থেকে আরো পড়ুন