বাংলাদেশ

'সমঝোতায় টাকা নিলে চাঁদা সেটা চাঁদাবাজি হয়না’

প্রকাশ: ১৯ ফেব্রুয়ারী ২০২৬ ১৯:১৫

দায়িত্ব গ্রহণের পরদিনই মন্তব্য ঘিরে আলোচনায় এসেছেন সড়ক পরিবহন ও যোগাযোগ মন্ত্রী শেখ রবিউল আলম। সড়কে পরিবহন থেকে সমঝোতার ভিত্তিতে টাকা নেওয়াকে তিনি চাঁদা বলতে নারাজ বলে মন্তব্য করেছেন।

বৃহস্পতিবার বিকেলে সচিবালয়ে নিজ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, কাউকে জোর করে বা বাধ্য করে টাকা নেওয়া হলে সেটিই চাঁদা। তবে মালিক ও শ্রমিক সংগঠন সমঝোতার ভিত্তিতে অর্থ সংগ্রহ করলে সেটাকে চাঁদা হিসেবে দেখার সুযোগ নেই।

মন্ত্রী বলেন, বিভিন্ন মালিক সমিতি ও শ্রমিক সংগঠন নিজেদের কল্যাণমূলক কাজে তহবিল গঠনের জন্য নির্দিষ্ট হারে অর্থ সংগ্রহ করে থাকে। এটি দীর্ঘদিনের একটি প্রচলিত প্রক্রিয়া। যদিও ওই অর্থের ব্যবহার নিয়ে বিতর্ক থাকতে পারে, তবু সমঝোতার ভিত্তিতে হলে সেটিকে চাঁদা বলা ঠিক নয় বলে তিনি মত দেন।

তিনি আরও বলেন, ক্ষমতায় যে দল থাকে তাদের শ্রমিক সংগঠনের প্রভাব বেশি দেখা যায়, এটিও বাস্তবতা। তবে যোগাযোগ মন্ত্রণালয়ের আওতাধীন স্থানে বাইরে থেকে চাপ সৃষ্টি করে কেউ চাঁদা আদায় করতে পারবে না। যদি সমঝোতার নামে কোনো পক্ষ বঞ্চিত হয় বা অর্থের অপব্যবহার হয়, সে বিষয়ে খতিয়ে দেখা হবে বলেও জানান তিনি।

মন্ত্রীর এ বক্তব্য ঘিরে রাজনৈতিক অঙ্গন ও পরিবহন খাতে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

বাংলাদেশ থেকে আরো পড়ুন