বাংলাদেশ

শিগগিরই স্বাভাবিক হতে পারে ভারতীয় ভিসা কার্যক্রম

প্রকাশ: ১৯ ফেব্রুয়ারী ২০২৬ ১৮:৩৮

বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসা কার্যক্রম দ্রুত স্বাভাবিক পর্যায়ে ফিরতে পারে বলে জানিয়েছেন সিলেটে নিযুক্ত ভারতের সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস। তিনি বলেন, বর্তমানে সীমিত আকারে চালু থাকা ভিসা প্রক্রিয়াকে পূর্ণাঙ্গভাবে চালুর লক্ষ্যে কাজ চলছে।

বুধবার বিকেলে সিলেট জেলা প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ তথ্য জানান।

অনিরুদ্ধ দাস বলেন, এখন মেডিকেল ও ডাবল এন্ট্রি ভিসা চালু রয়েছে। তবে পর্যটনসহ অন্যান্য ক্যাটাগরির ভিসা সাময়িকভাবে বন্ধ আছে। এসব ভিসা পুনরায় চালুর বিষয়ে ইতিবাচক অগ্রগতি হচ্ছে এবং দ্রুতই সব ধরনের ভিসা কার্যক্রম স্বাভাবিক হতে পারে বলে আশা প্রকাশ করেন তিনি।

তিনি জানান, দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতির পরিপ্রেক্ষিতে ভিসা কার্যক্রম সীমিত করা হয়েছিল। তবে নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর পরিস্থিতি উন্নতির দিকে যাওয়ায় ভিসা সেবা ধীরে ধীরে স্বাভাবিক করার উদ্যোগ নেওয়া হয়েছে।

দুই দেশের সম্পর্ক প্রসঙ্গে তিনি বলেন, ভারত ও বাংলাদেশের সম্পর্ক পারস্পরিক শ্রদ্ধা, আস্থা ও সহযোগিতার ভিত্তিতে গড়ে উঠেছে। ঐতিহাসিক, সাংস্কৃতিক ও জনগণের বন্ধন দুই দেশের সম্পর্ককে আরও গভীর করেছে।

বায়ান্ননিউজ২৪/চৈতী

বাংলাদেশ থেকে আরো পড়ুন