বাংলাদেশ

জাতীয় স্মৃতিসৌধে প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদের শ্রদ্ধা নিবেদন

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারী ২০২৬ ১২:৪২

জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মুক্তিযুদ্ধের বীর শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেছেন নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার মন্ত্রিপরিষদ।

বুধবার বেলা ১১টার দিকে তারা স্মৃতিসৌধের বেদীতে ফুল দিয়ে গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

শ্রদ্ধা নিবেদনের পর প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যদের সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিসৌধে গিয়ে পুষ্পস্তবক অর্পণ ও জিয়ারত করার কর্মসূচি রয়েছে।

মন্ত্রিপরিষদের আগমনকে কেন্দ্র করে স্মৃতিসৌধ এলাকায় নেওয়া হয় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। পুলিশ, র‌্যাব ও সেনাবাহিনীর সদস্যরা সমন্বিতভাবে দায়িত্ব পালন করেন। গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়, পাশাপাশি ডগ স্কোয়াড ও বোম্ব ডিসপোজাল ইউনিট প্রস্তুত রাখা হয়। পুরো এলাকা সিসিটিভি পর্যবেক্ষণের আওতায় আনা হয়।

এর আগে মঙ্গলবার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় রাষ্ট্রপতির কাছে শপথ নিয়ে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তারেক রহমান। নতুন সরকারের প্রথম কর্মদিবসে বুধবার সচিবালয়ে অফিস করার কথা রয়েছে তার। সেখানে মন্ত্রিসভার বৈঠক ও সচিবদের সঙ্গে মতবিনিময় সভা নির্ধারিত আছে।

নতুন মন্ত্রিসভা গঠনের পর থেকেই প্রশাসনিক কার্যক্রমে ব্যস্ততা বেড়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

 

বাংলাদেশ থেকে আরো পড়ুন