বাংলাদেশ

গণভোটের ফল বাতিল চেয়ে হাইকোর্টে জনস্বার্থে রিট

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারী ২০২৬ ১৫:১৭

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় গণভোটের বৈধতা চ্যালেঞ্জ করে এবং ঘোষিত ফলাফল বাতিলের আবেদন জানিয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।

 

মঙ্গলবার সুপ্রিম কোর্টের আইনজীবী এ বি এম আতাউল মজিদ তৌহিদ জনস্বার্থে এ রিট আবেদন করেন। এতে প্রধান নির্বাচন কমিশনার, মন্ত্রিপরিষদ সচিব ও আইন সচিবকে বিবাদী করা হয়েছে।

 

রিটে ১৩ ফেব্রুয়ারি ঘোষিত গণভোটের ফল স্থগিত ও বাতিলের নির্দেশনা চাওয়া হয়েছে বলে জানা গেছে। আগামী সপ্তাহে বিচারপতি ফাতেমা নজীবের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে এ রিটের শুনানি হতে পারে।

 

উল্লেখ্য, ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত গণভোটে ‘পরিবর্তনের পক্ষে’ বা ‘হ্যাঁ’ ভোট সংখ্যাগরিষ্ঠতা পায়। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, দেশব্যাপী এ গণভোটে মোট ভোট পড়েছে ৬০ দশমিক ২৬ শতাংশ।

 

১৩ ফেব্রুয়ারি রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে এক সংবাদ ব্রিফিংয়ে ফলাফল ঘোষণা করেন ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। ঘোষিত ফল অনুযায়ী, পরিবর্তনের পক্ষে ৪ কোটি ৮০ লাখ ৭৪ হাজার ৪২৯ জন ভোটার মত দেন। বিপক্ষে বা ‘না’ ভোট দেন ২ কোটি ২৫ লাখ ৬৫ হাজার ৬২৭ জন।

 

গণভোটের ফল নিয়ে আইনি চ্যালেঞ্জের পর বিষয়টি নতুন মাত্রা পেয়েছে। এখন হাইকোর্টের পর্যবেক্ষণের দিকেই তাকিয়ে আছে সংশ্লিষ্ট মহল।

বাংলাদেশ থেকে আরো পড়ুন