শপথের পর স্বাক্ষর করছেন তারেক রহমান
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে সর্বসম্মতিক্রমে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী হিসেবে মনোনীত করা হয়েছে।
মঙ্গলবার জাতীয় সংসদে নবনির্বাচিত সদস্যদের শপথগ্রহণ শেষে তারেক রহমানের সভাপতিত্বে বিএনপির সংসদীয় দলের সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত সদস্যরা তাকে সংসদ নেতা নির্বাচিত করেন। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী তিনিই সরকারপ্রধান হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন।
এর আগে সকাল পৌনে ১১টার দিকে জাতীয় সংসদ সচিবালয়ের শপথকক্ষে ত্রয়োদশ সংসদের নির্বাচিত সদস্যরা শপথ নেন। প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন তাদের শপথবাক্য পাঠ করান। শপথ শেষে সদস্যরা শপথপত্রে স্বাক্ষর করেন।
শপথ অনুষ্ঠানে দেশি ও বিদেশি অতিথিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ সংক্ষিপ্ত বক্তব্যে দলীয় অবস্থান তুলে ধরেন এবং সংবিধান সংস্কার পরিষদ সংক্রান্ত সিদ্ধান্তের কথা জানান।
সূচি অনুযায়ী বিকেল ৪টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বিশেষ অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান এবং নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ নেবেন। একই দিনে সন্ধ্যায় মন্ত্রিপরিষদ বিভাগ থেকে মন্ত্রীদের দপ্তর বণ্টনসংক্রান্ত প্রজ্ঞাপন জারি হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
নতুন সরকার গঠনের মধ্য দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদের কার্যক্রম পূর্ণাঙ্গভাবে শুরু হতে যাচ্ছে।
বাংলাদেশ থেকে আরো পড়ুন