বাংলাদেশ

রমজানে স্কুল বন্ধের নির্দেশ স্থগিত করল আপিল বিভাগ

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারী ২০২৬ ১৮:৫৪

পবিত্র রমজান মাসজুড়ে সরকারি ও বেসরকারি নিম্ন মাধ্যমিক এবং মাধ্যমিক বিদ্যালয় বন্ধ রাখার হাইকোর্টের নির্দেশ স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। এর ফলে আপাতত রমজানে স্কুল বন্ধ রাখার বাধ্যবাধকতা থাকছে না।

সোমবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি ফারাহ মাহবুব এ আদেশ দেন। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনীক আর হক। তাকে সহযোগিতা করেন সহকারী অ্যাটর্নি জেনারেল মারিয়া তানজিমা।

এর আগে রোববার বিচারপতি ফাহমিদা ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ পুরো রমজান মাসে নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখতে নির্দেশ দিয়েছিলেন। ওই রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. ইলিয়াস আলী মন্ডল ও অ্যাডভোকেট তানজিনা ববি লিজা।

জানা যায়, পবিত্র রমজান মাসে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশনা চেয়ে সংশ্লিষ্ট শাখায় রিট আবেদন করা হয়। এর আগে গত ৫ জানুয়ারি একই দাবিতে সরকারকে আইনি নোটিশ পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী মো. ইলিয়াস আলী মন্ডল।

চেম্বার আদালতের স্থগিতাদেশের ফলে বিষয়টি এখন আপিল বিভাগের পূর্ণাঙ্গ শুনানির অপেক্ষায় থাকবে। শিক্ষা কার্যক্রম, ধর্মীয় অনুশীলন ও শিক্ষার্থীদের স্বার্থ—এই তিনটি বিষয় সামনে রেখে আদালতের চূড়ান্ত সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

বাংলাদেশ থেকে আরো পড়ুন