রাজনীতি

নির্বাচন অনিয়মের অভিযোগে সোমবার ঢাকায় জামায়াত জোটের মিছিল

প্রকাশ: ১৫ ফেব্রুয়ারী ২০২৬ ১৫:২৫

সাংবাদিক সঙ্গে কথা বলছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ। ছবি : সংগৃহীত।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও নির্বাচন–পরবর্তী পরিস্থিতি নিয়ে নানা অভিযোগের প্রেক্ষিতে রাজধানীতে প্রতিবাদ মিছিলের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। সোমবার বায়তুল মোকাররম এলাকা থেকে এ কর্মসূচি পালন করা হবে।

রোববার দুপুরে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে জোট নেতারা এ ঘোষণা দেন। বৈঠকে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ ও এহসানুল মাহবুব জুবায়েরসহ অন্য নেতারা অংশ নেন।

বৈঠক শেষে হামিদুর রহমান আযাদ সাংবাদিকদের বলেন, নির্বাচন–পরবর্তী সময়ে ১১ দলীয় জোটের নেতাকর্মীদের বাড়িঘরে হামলার ঘটনা ঘটছে বলে তারা কমিশনকে অবহিত করেছেন। এসব ঘটনার প্রতিবাদে সোমবার বিক্ষোভ মিছিল করা হবে।

তিনি অভিযোগ করেন, নির্বাচনের সময় বিভিন্ন এলাকায় ভয়ভীতি প্রদর্শনের কারণে ভোটার উপস্থিতি কমেছে। বিষয়টি স্থানীয় প্রশাসন ও নির্বাচন কমিশনকে জানানো হলেও সন্তোষজনক পদক্ষেপ পাওয়া যায়নি বলে দাবি করেন তিনি।

ভোট গণনার সময় কয়েকটি কেন্দ্রে জোটের এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগও করেন জামায়াতের এ নেতা। তার ভাষ্য, কোথাও কোথাও ফলাফল শিটে কাটাছেঁড়া, ওভাররাইটিং এবং যথাযথ স্বাক্ষর ছাড়া ফল ঘোষণা করা হয়েছে। এসব অনিয়মের প্রভাব নির্বাচনের ফলাফলে পড়তে পারে বলেও মন্তব্য করেন তিনি।

এ বিষয়ে নির্বাচন কমিশনের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

বায়ান্ননিউজ২৪/সৈকত

রাজনীতি থেকে আরো পড়ুন