বিশ্ব

নাইজেরিয়ায় সশস্ত্র হামলা, নিহত অন্তত ৩২

প্রকাশ: ১৫ ফেব্রুয়ারী ২০২৬ ১২:২৬

নাইজেরিয়ার উত্তরাঞ্চলে সশস্ত্র হামলায় অন্তত ৩২ জন নিহত হয়েছেন। স্থানীয় বাসিন্দাদের বরাতে আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে, মোটরসাইকেলে করে আসা বন্দুকধারীরা নাইজার অঙ্গরাজ্যের বোরগু এলাকার তিনটি গ্রামে হামলা চালায়।

প্রতিবেদন অনুযায়ী, হামলাকারীরা প্রথমে টুঙ্গা মাকেরি গ্রামে ঢুকে গুলি চালিয়ে ছয়জনকে হত্যা করে। পরে তারা কনকোসো গ্রামে হামলা চালিয়ে নির্বিচারে গুলি বর্ষণ করে এবং একটি পুলিশ স্টেশনে আগুন দেয়। স্থানীয়দের দাবি, ওই গ্রামে অন্তত ২৬ জন নিহত হয়েছেন। একটি মানবাধিকার সংস্থার বরাতে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও জানানো হয়েছে।

হামলাকারীরা পরে পিসা গ্রামেও আক্রমণ চালায়। সেখানে একটি পুলিশ স্টেশনে অগ্নিসংযোগ এবং একজনকে হত্যার খবর পাওয়া গেছে। কয়েকজনকে অপহরণ করা হয়েছে বলেও স্থানীয়রা জানিয়েছেন। এখনো বহু মানুষ নিখোঁজ রয়েছেন।

নাইজার অঙ্গরাজ্যের পুলিশ মুখপাত্র জানিয়েছেন, সন্দেহভাজন দস্যুরা এ হামলার সঙ্গে জড়িত। ঘটনার সময় এলাকায় কার্যকর নিরাপত্তা উপস্থিতি ছিল না বলে অভিযোগ করেছেন বাসিন্দারা।

নাইজেরিয়ার উত্তরাঞ্চলে দীর্ঘদিন ধরে নিরাপত্তা সংকট চলছে। সশস্ত্র গোষ্ঠী ও অপহরণকারী চক্রের তৎপরতায় অঞ্চলটিতে প্রায়ই সহিংসতার ঘটনা ঘটছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতেও পার্শ্ববর্তী কয়েকটি অঙ্গরাজ্যে বড় ধরনের হামলায় বহু মানুষ নিহত হয়েছেন।

এ পরিস্থিতিতে বোরগু এলাকার নেতারা প্রেসিডেন্ট বোলা টিনুবুর কাছে সেখানে একটি সামরিক ঘাঁটি স্থাপনের আহ্বান জানিয়েছেন। সরকার বলছে, চলমান সহিংসতায় বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের মানুষ সমানভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

বায়ান্ননিউজ২৪/আবির

বিশ্ব থেকে আরো পড়ুন