আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতের মাটিতে কোনো ম্যাচ খেলবে না বাংলাদেশ।নিরাপত্তা শঙ্কার কথা উল্লেখ করে এ সিদ্ধান্ত জানিয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসিকে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি।
বিসিবি সূত্র জানায়, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকেই বাংলাদেশ ও ভারতের ক্রিকেটীয় সম্পর্কের মধ্যে এক ধরনের দূরত্ব তৈরি হয়।সর্বশেষ মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনায় সেই দূরত্ব আরও স্পষ্ট হয়েছে।এরই প্রেক্ষাপটে বিশ্বকাপের লিগপর্বে ভারতে নির্ধারিত বাংলাদেশের চারটি ম্যাচ নিয়ে নতুন করে ভাবতে বাধ্য হয় বোর্ড।
রোববার দুপুরে বিসিবির ১৭ জন পরিচালক এক বৈঠকে বসে টি টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেন।বৈঠক শেষে বিসিবির এক শীর্ষ পরিচালক গণমাধ্যমকে নিশ্চিত করেন, ভারতের কোনো ভেন্যুতেই বিশ্বকাপের ম্যাচ খেলবে না বাংলাদেশ দল।
আইসিসিকে পাঠানো ইমেইলে বিসিবি জানায়, নিরাপত্তাজনিত ঝুঁকির কারণে ভারতে দল পাঠানো সম্ভব নয়।এ কারণে বিকল্প ভেন্যু নির্ধারণের আবেদন করা হয়েছে।প্রথমে একাধিক দাবি জানানোর কথা থাকলেও শেষ পর্যন্ত ভেন্যু পরিবর্তনের একটিমাত্র দাবিই উত্থাপন করেছে বোর্ড।
উল্লেখ্য, আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপের দশম আসর ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে।এর আগে ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কজনিত কারণে পাকিস্তানের সব ম্যাচ শ্রীলঙ্কায় আয়োজনের সিদ্ধান্ত নেয় আইসিসি।বাংলাদেশের ক্ষেত্রেও একই ধরনের সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
ভারতে খেলতে না যাওয়ার এই সিদ্ধান্ত বিশ্বকাপ আয়োজন ও গ্রুপ সূচিতে কী ধরনের প্রভাব ফেলবে, সে বিষয়ে আইসিসির সিদ্ধান্তের দিকেই এখন তাকিয়ে আছে ক্রিকেট বিশ্ব।
বায়ান্ননিউজ২৪/সৈকত মাহমুদ
ক্রীড়াঙ্গন থেকে আরো পড়ুন