বিজ্ঞান ও প্রযুক্তি

মোবাইল আমদানিতে শুল্ক কমলো ৬০ শতাংশ, স্টক-লট বৈধ করার সিদ্ধান্ত

প্রকাশ: ০২ জানুয়ারী ২০২৬ ০৪:২১

মোবাইল ফোন আমদানিতে বড় ধরনের শুল্ক ছাড় দিয়েছে সরকার। কাস্টমস ডিউটি ২৫ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশে নামানো হয়েছে, যা প্রায় ৬০ শতাংশ কম। একই সঙ্গে ব্যবসায়ীদের হাতে থাকা মোবাইল ফোনগুলোকে কোনো অতিরিক্ত শুল্ক ছাড়াই ‘স্টক-লট’ হিসেবে বৈধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মুহম্মদ জসীম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, নতুন সিদ্ধান্ত অনুযায়ী দেশীয়ভাবে উৎপাদিত মোবাইল ফোনের ওপর কাস্টমস ডিউটি ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে। এতে দেশীয় উৎপাদন উৎসাহিত হবে এবং বাজারে মোবাইল ফোনের দাম কমে আসবে বলে আশা করছে সরকার।

স্টক-লট বৈধ করার সুযোগ

বিটিআরসির নির্ধারিত সময়ের মধ্যে আমদানি করা এবং বর্তমানে ব্যবসায়ীদের কাছে থাকা মোবাইল ফোনগুলোকে কোনো অতিরিক্ত শুল্ক ছাড়াই স্টক-লট হিসেবে বৈধ করা হবে। এসব ফোন এনইআইআর (NEIR) সিস্টেমে নিবন্ধনের মাধ্যমে বৈধতা পাবে।

সরকারের হিসাবে, এই সিদ্ধান্তে চলতি অর্থবছরে প্রায় ৩৫ কোটি টাকার রাজস্ব ক্ষতি হতে পারে। তবে বাজার স্থিতিশীল রাখা ও ভোক্তাস্বার্থ বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রবাসীদের জন্য বিশেষ সুবিধা

জসীম উদ্দিন জানান, প্রবাসীদের বিষয়টি মানবিকভাবে বিবেচনা করা হয়েছে। দেশে ফেরার পর তাদের ব্যবহৃত মোবাইল ফোন তিন মাস পর্যন্ত বন্ধ করা হবে না। কেউ তিন মাসের কম সময় অবস্থান করলে রেজিস্ট্রেশনের প্রয়োজন হবে না। তবে তিন মাসের বেশি থাকলে নিবন্ধন বাধ্যতামূলক হবে।

একই সঙ্গে সাধারণ গ্রাহকদের ক্ষেত্রেও আগামী তিন মাস মোবাইল ফোন ব্লক করা হবে না। এই সময়ের মধ্যে ব্যবসায়ীরা তাদের স্টক নিয়মিত করার সুযোগ পাবেন। এজন্য বিটিআরসিকে বৈধ হ্যান্ডসেটের আইএমইআই নম্বর সরবরাহ করতে হবে।

অবৈধ আমদানির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

বিটিআরসি ভবনে হামলা ও ভাঙচুরের ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনার কথা জানিয়ে জসীম উদ্দিন বলেন, “এ ধরনের রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড কোনোভাবেই বরদাশত করা হবে না।”

তিনি আরও জানান, অবৈধ মোবাইল আমদানি ও বিক্রি ঠেকাতে দেশের স্থলবন্দর, বিমানবন্দর ও কাস্টমস হাউজে কঠোর অভিযান চালানো হবে। প্রয়োজনে বিভিন্ন পাইকারি বাজারেও অভিযান পরিচালনা করে অবৈধ সেট জব্দ করা হবে।

 

বায়ান্ননিউজ২৪/আবির

বিজ্ঞান ও প্রযুক্তি থেকে আরো পড়ুন