পাকিস্তান ও ভারত পারস্পরিক চুক্তির আওতায় নিয়মিত প্রক্রিয়ার অংশ হিসেবে নিজেদের পারমাণবিক স্থাপনা ও সুবিধার তালিকা বিনিময় করেছে। বৃহস্পতিবার (১ জানুয়ারি) ইসলামাবাদে এক সাপ্তাহিক সংবাদ সম্মেলনে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির হুসেইন আন্দ্রাবি বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, ১৯৮৮ সালের ৩১ ডিসেম্বর স্বাক্ষরিত এবং ১৯৯১ সালে কার্যকর হওয়া ‘পারমাণবিক স্থাপনা ও সুবিধার ওপর হামলা নিষিদ্ধকরণ চুক্তি’ অনুযায়ী প্রতিবছর ১ জানুয়ারি দুই দেশ এই তালিকা আদান–প্রদান করে থাকে। সেই ধারাবাহিকতায় পাকিস্তান আনুষ্ঠানিকভাবে তাদের পারমাণবিক স্থাপনার তালিকা ইসলামাবাদে অবস্থিত ভারতীয় হাইকমিশনের প্রতিনিধির কাছে হস্তান্তর করেছে।
একই সময়ে ভারত সরকারও নয়াদিল্লিতে অবস্থিত পাকিস্তান হাইকমিশনের মাধ্যমে তাদের পারমাণবিক স্থাপনার তালিকা পাকিস্তানের কাছে পাঠিয়েছে বলে জানান মুখপাত্র।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভাষ্য অনুযায়ী, এই তালিকা বিনিময়ের মূল উদ্দেশ্য হলো পারমাণবিক স্থাপনাগুলোর নিরাপত্তা নিশ্চিত করা এবং দুই দেশের মধ্যে সম্ভাব্য ভুল বোঝাবুঝি ও উত্তেজনা এড়ানো। এটি কোনো নতুন কূটনৈতিক অগ্রগতি বা সামরিক পরিবর্তনের ইঙ্গিত নয়, বরং দীর্ঘদিন ধরে চলমান একটি বিশ্বাস–নির্মাণমূলক ব্যবস্থা।
এছাড়া একই দিনে কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে উভয় দেশ একে অপরের হেফাজতে থাকা বন্দিদের তালিকাও বিনিময় করেছে বলে জানান মুখপাত্র।
বিশ্লেষকদের মতে, রাজনৈতিক টানাপড়েন থাকা সত্ত্বেও পারমাণবিক স্থাপনার তালিকা বিনিময়ের মতো এই নিয়মিত প্রক্রিয়াগুলো দক্ষিণ এশিয়ায় সামরিক স্থিতিশীলতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
বায়ান্ননিউজ২৪/আবির
বিশ্ব থেকে আরো পড়ুন