বাংলাদেশ

ড. ইউনূসের পদত্যাগ ও নির্বাচনে অংশগ্রহণের সুযোগের দাবিতে আওয়ামী লীগের ৩ দিনের কর্মসূচি ঘোষণা

শনিবার দেশজুড়ে লকডাউন পালনের ডাক

প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৫ ০২:০৪

আওয়ামী লীগের প্রচারপত্র

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূসের পদত্যাগ, দলীয় সভানেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার এবং আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিশ্চিত করাসহ আট দফা দাবিতে তিন দিনের নতুন কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ আওয়ামী লীগ।

দলটির অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত প্রচারপত্রের মাধ্যমে এ ঘোষণা দেওয়া হয়েছে। কর্মসূচির অংশ হিসেবে আগামী ১৩ ডিসেম্বর (শনিবার) সারা দেশে সকাল-সন্ধ্যা লকডাউন পালনের ডাক দেওয়া হয়েছে।

ঘোষিত তিন দিনের কর্মসূচি

১১ ডিসেম্বর, বৃহস্পতিবার

সারা দেশে মশাল মিছিল।

১২ ডিসেম্বর, শুক্রবার

বাদ জুম্মা বিক্ষোভ মিছিল।

১৩ ডিসেম্বর, শনিবার

ঢাকা সহ সারা দেশে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত লকডাউন।

দলের পক্ষ থেকে গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাসী নাগরিকদের এসব কর্মসূচি সফল করার আহ্বান জানানো হয়েছে।

৮ দফা দাবি : প্রচারপত্রে যা বলা হয়েছে

প্রচারপত্রে তুলে ধরা প্রধান দাবিগুলো হলো—

        জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগাম টানতে সরকারের কার্যকর ব্যবস্থা গ্রহণ।

        বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে “অবৈধ, দখলদার, খুনি ও ফ্যাসিস্ট” উল্লেখ করে ড. মুহাম্মদ ইউনূসের পদত্যাগ দাবি।

        সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে দায়েরকৃত ‘মিথ্যা ও গায়েবী’ মামলা অবিলম্বে প্রত্যাহার।

        সমস্ত রাজনৈতিক বন্দির নিঃশর্ত মুক্তি এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি) বাতিল।

        আওয়ামী লীগের ওপর আরোপিত বলে দাবি করা ‘অবৈধ নিষেধাজ্ঞা’ প্রত্যাহার।

         সব প্রতিবন্ধকতা দূর করে আসন্ন জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিশ্চিত করা।

প্রচারপত্রে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার ছবি ব্যবহার করা হয়েছে এবং শ্লোগান হিসেবে “জয় বাংলা, জয় বঙ্গবন্ধু” যুক্ত রয়েছে।

দলের আহ্বান

আওয়ামী লীগ জানায়, দেশের গণতান্ত্রিক চেতনা রক্ষা, নাগরিক অধিকারের সুরক্ষা এবং “অবৈধ সরকারের পতন” নিশ্চিত করতে এই কর্মসূচি পালনে সকল শান্তিকামী ও দেশপ্রেমিক নাগরিককে এগিয়ে আসতে হবে।

বায়ান্ননিউজ২৪/এডিটরইনচীফ

বাংলাদেশ থেকে আরো পড়ুন