বাংলাদেশ

‘পুলিশ কোনো দলের লাঠিয়াল বাহিনী নয়, জনগণের বন্ধু' - স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশ: ০২ আগস্ট ২০২৬ ১৩:৫৮

স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, পুলিশ কোনো বিশেষ রাজনৈতিক দল বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়। জনগণের নিরাপত্তা নিশ্চিত করা, আইনের শাসন প্রতিষ্ঠা এবং জনবান্ধব পুলিশিং নিশ্চিত করাই পুলিশ বাহিনীর মূল দায়িত্ব।

রোববার (২ আগস্ট) সকালে রাজশাহীর চারঘাটে বাংলাদেশ পুলিশ একাডেমি, সারদায় ২৭তম বিসিএস (পুলিশ) ব্যাচের প্রথম পর্যায়ের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমান সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার হলো আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং জনগণের মধ্যে শান্তি ও নিরাপত্তাবোধ প্রতিষ্ঠা করা। তিনি বলেন, বিগত সরকারের সময়ে অন্যান্য রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের মতো পুলিশ বাহিনীও নানা কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই অবস্থার পরিবর্তন করে একটি পেশাদার, নিরপেক্ষ ও জনবান্ধব পুলিশ বাহিনী গড়ে তুলতে সরকার কাজ করছে।

তিনি নবীন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে বলেন, দেশের মানুষের আস্থা অর্জনই হবে তাদের সবচেয়ে বড় দায়িত্ব। দায়িত্ব পালনের ক্ষেত্রে সততা, পেশাদারিত্ব ও জবাবদিহিতা বজায় রাখতে হবে এবং দুর্নীতির সঙ্গে কোনো ধরনের আপস করা যাবে না।

সালাহউদ্দিন আহমদ আরও বলেন, মুক্তিযুদ্ধের চেতনা, গণতান্ত্রিক মূল্যবোধ এবং ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনের শহীদদের আত্মত্যাগের প্রতি সম্মান জানিয়ে একটি শান্তিপূর্ণ ও উন্নত বাংলাদেশ গঠনে পুলিশ সদস্যদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।

প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে প্যারেড কমান্ডারের দায়িত্ব পালন করেন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার ড. মো. নূরুল হুদা ভূঁইয়া। তিনি বেস্ট প্রবেশনার এবং বেস্ট ইন ফিল্ড অ্যাক্টিভিটিজ—এই দুই বিভাগে শ্রেষ্ঠত্ব অর্জন করেন।

এছাড়া বেস্ট একাডেমিক অ্যাওয়ার্ড অর্জন করেন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার আবু নুমান মোহাম্মদ খাইরুল ইসলাম এবং বেস্ট শ্যুটার নির্বাচিত হন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার এ বি এম মামুন।

বাংলাদেশ থেকে আরো পড়ুন