বাংলাদেশ

সৌদিতে দুই বাংলাদেশির শিরোচ্ছেদ, কিছুই জানেন না প্রবাসীকল্যাণমন্ত্রী!

প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৬ ০৩:০৭

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর এবং এ ঘটনায় বাংলাদেশের কূটনৈতিক ভূমিকা নিয়ে প্রশ্ন উঠলেও বিষয়টি সম্পর্কে স্পষ্ট ধারণা নেই বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি বলেছেন, এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় ভালো বলতে পারবে।

শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে সিলেটের কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদে সিলেটস্থ কোম্পানীগঞ্জ সমিতির অভিষেক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।

সৌদি আরবে দুই বাংলাদেশির শিরশ্ছেদের ঘটনায় বাংলাদেশের কূটনৈতিক কোনো ঘাটতি ছিল কি না, এমন প্রশ্নের জবাবে আরিফুল হক চৌধুরী বলেন, “বিষয়টি আমি ক্লিয়ার না। এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় ভালো বলতে পারবে।”

বিদেশে কর্মরত বাংলাদেশিদের কল্যাণ ও নিরাপত্তার দায়িত্বের সঙ্গে প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের সংশ্লিষ্টতা থাকলেও এমন স্পর্শকাতর ঘটনায় মন্ত্রীর বক্তব্যে স্পষ্ট তথ্য না থাকায় প্রশ্ন উঠেছে। মৃত্যুদণ্ড কার্যকরের আগে ওই দুই বাংলাদেশি আইনি সহায়তা পেয়েছিলেন কি না, আপিলের সুযোগ পেয়েছিলেন কি না এবং বাংলাদেশি কনস্যুলেট তাঁদের পাশে দাঁড়িয়েছিল কি না, তা এখনো স্পষ্ট নয়।

মন্ত্রী অবশ্য বিদেশের কারাগারে থাকা বাংলাদেশিদের সহায়তায় সরকারের উদ্যোগের কথা জানিয়েছেন। তিনি বলেন, বিভিন্ন দেশে নানা কারণে কারাগারে থাকা বাংলাদেশিদের সংখ্যা তাঁর জানা নেই। তাঁদের অপরাধের মাত্রা বিবেচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে একটি দল গঠনের উদ্যোগ নেওয়া হচ্ছে। পাশাপাশি প্রবাসীদের সংশ্লিষ্ট দেশের আইন মেনে চলার আহ্বান জানান তিনি।

প্রসঙ্গত, মসজিদ এলাকায় চুমু খাওয়ার অভিযোগে সৌদি আরবে শরিয়াহ আইনের ‘তাআজির’ বিধানের আওতায় এক বাংলাদেশি নারী ও এক পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। বিচারকের স্বেচ্ছাধীন ক্ষমতায় দেওয়া এ রায় উচ্চতর বিচারিক কর্তৃপক্ষ বহাল রাখে।

তবে ওই দুই বাংলাদেশির পক্ষে আইনজীবী নিয়োগ, আপিলের সুযোগ এবং কনস্যুলার সহায়তা পাওয়ার বিষয়গুলো এখনো পরিষ্কার নয়। ফলে মৃত্যুদণ্ড কার্যকরের আগে বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কী পদক্ষেপ নিয়েছিল, তা জানার দাবি আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

বাংলাদেশ থেকে আরো পড়ুন