আটকের কোলাজ ছবি
রাজধানীর পল্টনে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কেন্দ্রীয় কার্যালয় থেকে গ্রেপ্তার ২৭ জনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের জামিন আবেদনের শুনানির জন্য সোমবার (২৮ সেপ্টেম্বর) দিন ধার্য করা হয়েছে।
রোববার (২৭ সেপ্টেম্বর) রাতে ২৭ জনকে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে হাজির করে পুলিশ। তাদের ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে আটক রাখার আবেদন করা হয়। শুনানি শেষে আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
পুলিশের আবেদনে বলা হয়, গত শনিবার জাসদ কার্যালয়ের ভেতরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ভয়ভীতি প্রদর্শন এবং অস্থিতিশীল ও বিশৃঙ্খল পরিস্থিতি তৈরির অভিযোগ রয়েছে ওই ব্যক্তিদের বিরুদ্ধে। জিজ্ঞাসাবাদে তারা সেখানে যাওয়ার বিষয়ে সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেননি বলেও আবেদনে উল্লেখ করা হয়।
পল্টন মডেল থানার উপপরিদর্শক মো. নাজমুল ইসলাম আদালতে ২৭ জনকে কারাগারে পাঠানোর আবেদন করেন। অন্যদিকে আসামিদের পক্ষে আইনজীবীরা জামিনের আবেদন করেন। আদালত জামিন শুনানির জন্য সোমবার দিন নির্ধারণ করেন।
এর আগে শনিবার রাজধানীর গুলিস্তানে জাসদের প্রধান কার্যালয়ে পুলিশ অভিযান চালিয়ে প্রায় ২৮০ থেকে ৩০০ জনকে হেফাজতে নেয়। পরে পরিচয় যাচাই-বাছাই শেষে ২৭ জনকে গ্রেপ্তার দেখানো হয় এবং বাকিদের ছেড়ে দেওয়া হয়।
বাংলাদেশ থেকে আরো পড়ুন