বাংলাদেশ

প্রবাসীদের জন্য আসছে ‘প্রবাসী কার্ড’, মিলবে ১০ বিশেষ সুবিধা

প্রকাশ: ১৯ জুলাই ২০২৬ ০৩:১৯

ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়

আগামী মাসের মধ্যেই পরীক্ষামূলকভাবে ‘প্রবাসী কার্ড’ চালু করতে যাচ্ছে সরকার। প্রথম পর্যায়ে জনতা ব্যাংকের মাধ্যমে প্রবাসী ডেবিট কার্ড ইস্যুর উদ্যোগ নেওয়া হয়েছে। সরকারের আশা, এই কার্ডের মাধ্যমে দেশে ও বিদেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা একাধিক বিশেষ সেবা ও আর্থিক সুবিধা পাবেন।

শনিবার (১৮ জুলাই) প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত ‘প্রবাসী কার্ড’ বিষয়ক এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর কার্যালয়ের উপ-প্রেস সচিব শাহাদাৎ স্বাধীন বিষয়টি সাংবাদিকদের জানান।

তিনি বলেন, প্রবাসীদের সামাজিক মর্যাদা বৃদ্ধি, আর্থিক ক্ষমতায়ন, প্রণোদনা প্রদান এবং আন্তর্জাতিক ব্যাংকিং সুবিধা নিশ্চিত করতেই ‘প্রবাসী কার্ড’ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। ডুয়াল কারেন্সি সুবিধাসহ আন্তর্জাতিক লেনদেনেও এ কার্ড ব্যবহার করা যাবে।

সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে ইতোমধ্যে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও ক্রীড়া কার্ড চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। সেই ধারাবাহিকতায় এবার চালু হচ্ছে ‘প্রবাসী কার্ড’।

প্রবাসী কার্ডধারীরা দেশে ও বিদেশে কমপ্লিমেন্টারি এয়ারপোর্ট লাউঞ্জ ব্যবহার, বিশেষ ইমিগ্রেশন বুথের মাধ্যমে দ্রুত সেবা, আন্তর্জাতিক বিমানবন্দরে ‘মিট অ্যান্ড গ্রিট’ সুবিধা, বিমান টিকিট ও হোটেল বুকিংয়ে ছাড়, নির্ধারিত শর্তে গাড়ি বুকিং এবং সিগনেচার কার্ডধারীদের জন্য এয়ারপোর্ট পিক অ্যান্ড ড্রপ সুবিধা পাবেন।

এছাড়া সরকারি হাসপাতালে প্রবাসী সেবা বুথ, বেসরকারি হাসপাতালে চিকিৎসা ব্যয়ে ছাড়, কার্ডধারীর মৃত্যুর ক্ষেত্রে বিনা খরচে মরদেহ দেশে আনা, প্রবাস ফেরতদের পুনর্বাসন ও বীমা সুবিধা, জমি নিবন্ধন, নামজারি, ইউটিলিটি সংযোগ, লাইসেন্স এবং বৈদেশিক বিনিয়োগে অগ্রাধিকার দেওয়ার পরিকল্পনাও রয়েছে।

কার্ডের মাধ্যমে রেমিট্যান্স রিওয়ার্ড পয়েন্ট, ক্রেডিট স্কোরিং, ঋণ সুবিধা, সহজ অর্থ লেনদেন এবং এনআইডি, পাসপোর্ট ও কনস্যুলার সেবায় অগ্রাধিকার সুবিধাও দেওয়া হবে বলে জানানো হয়েছে।

উপ-প্রেস সচিব জানান, আগামী মাসের মাঝামাঝি পরীক্ষামূলকভাবে ‘প্রবাসী কার্ড’ উদ্বোধনের পরিকল্পনা রয়েছে। ডিসেম্বরের মধ্যে ৫০ হাজার এবং আগামী বছরের জুন মাসের মধ্যে দুই লাখ প্রবাসীর হাতে এ কার্ড পৌঁছে দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

তিনি আরও জানান, প্রথম ধাপে জনতা ব্যাংক কার্ড ইস্যু করবে। পরবর্তী পর্যায়ে প্রবাসী কল্যাণ ব্যাংকের মাধ্যমে ‘প্রবাসী কার্ড’-সংক্রান্ত সব কার্যক্রম পরিচালিত হবে।

সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষকে আরও আধুনিক ও সময়োপযোগী করে গড়ে তোলার নির্দেশনা দেন। পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত সব বাংলাদেশি প্রবাসী যেন পর্যায়ক্রমে ‘প্রবাসী কার্ড’-এর আওতায় আসতে পারেন, সে বিষয়েও সংশ্লিষ্টদের প্রয়োজনীয় উদ্যোগ নিতে নির্দেশ দেন।

বাংলাদেশ থেকে আরো পড়ুন