ধর্ম

রমজানকে স্বাগত জানাতে হারামাইন শরীফে পূর্ণ প্রস্তুতি

প্রকাশ: ২৫ জানুয়ারী ২০২৬ ০৪:০৭

পবিত্র রমজান মাসকে কেন্দ্র করে মক্কার মসজিদুল হারাম এবং মদিনার মসজিদে নববি–তে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। মুসল্লিদের ইবাদত যেন আরও সুশৃঙ্খল, নিরাপদ ও অর্থবহ হয়— সে লক্ষ্যেই ধর্মীয়, প্রশাসনিক ও সেবামূলক কার্যক্রম জোরদার করছে সৌদি কর্তৃপক্ষ।

এ উপলক্ষে সম্প্রতি হারামাইনের জ্যেষ্ঠ ইমামদের নিয়ে একটি উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন হারামাইন শরিফাইনের ধর্মবিষয়ক কার্যক্রমের প্রধান শায়খ অধ্যাপক ড. আবদুর রহমান আস-সুদাইস। সেখানে রমজান মাসে মুসল্লিদের জন্য সার্বিক সেবা পরিচালনার চূড়ান্ত পরিকল্পনা গ্রহণ করা হয়।

বৈঠকে জানানো হয়, রমজানে হারামাইনে ইবাদতের পরিবেশ আরও গভীর ও ফলপ্রসূ করতে নিয়মিত কোরআন তেলাওয়াতভিত্তিক পাঠচক্র, তাফসির ও হাদিসের সংক্ষিপ্ত দারস এবং প্রশ্নোত্তরভিত্তিক দ্বীনি পরামর্শ কার্যক্রম বাড়ানো হবে। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আগত মুসল্লিদের কথা বিবেচনায় নিয়ে একাধিক ভাষায় ধর্মীয় দিকনির্দেশনা ও প্রামাণিক কনটেন্ট সরবরাহের উদ্যোগ নেওয়া হয়েছে।

এ ছাড়া রমজানজুড়ে ইমাম ও খতিবদের জন্য বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি চালু করা হচ্ছে। এসব প্রশিক্ষণে খুতবার বিষয়বস্তু, দাওয়াতি বার্তা ও মুসল্লিদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আচরণের ওপর গুরুত্ব দেওয়া হবে। কোরআন শিক্ষার মান উন্নয়ন এবং তেলাওয়াতের শুদ্ধতা নিশ্চিত করাও এই প্রশিক্ষণের অংশ।

ধর্মীয় প্রস্তুতির পাশাপাশি বাড়ানো হচ্ছে সেবামূলক ও ব্যবস্থাপনা কার্যক্রম। ইফতার বিতরণ ব্যবস্থাকে আরও সুশৃঙ্খল করতে নির্দিষ্ট জায়গা নির্ধারণ, পানির সরবরাহ বৃদ্ধি, পরিচ্ছন্নতা জোরদার এবং ভিড় নিয়ন্ত্রণে স্বেচ্ছাসেবক ও নিরাপত্তা কর্মী সংখ্যা বাড়ানো হচ্ছে। বিশেষ করে শেষ দশকে মুসল্লির চাপ সামাল দিতে আধুনিক ব্যবস্থাপনার ওপর জোর দেওয়া হয়েছে।

এদিকে মক্কা অঞ্চলের উপ-গভর্নর প্রিন্স সৌদ বিন মিশাল বিন আবদুল আজিজের সঙ্গে সমন্বয় বৈঠকে এসব প্রস্তুতি তুলে ধরেন শায়খ আস-সুদাইস ও মসজিদুল হারামের ইমামরা। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, রমজানে হারামাইনে আগত মুসল্লিদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য সর্বোচ্চ অগ্রাধিকার পাবে।

সৌদি কর্তৃপক্ষের প্রত্যাশা, এসব সমন্বিত উদ্যোগের ফলে আসন্ন রমজানে হারামাইন শরিফাইনে ইবাদত আরও শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল হবে এবং মুসলমানরা অধিক মনোযোগের সঙ্গে আল্লাহর নৈকট্য লাভের সুযোগ পাবেন।

বায়ান্ননিউজ২৪/আবির

ধর্ম থেকে আরো পড়ুন