বিনোদন

ভূমিকম্পে আতঙ্ক, তারকাদের অভিজ্ঞতা সোশালে ভাইরাল

হঠাৎ তীব্র ঝাঁকুনিতে ঘরবাড়ি ছেড়ে রাস্তায় নেমে আসে মানুষ। মাঝারি থেকে শক্তিশালী ধাক্কায় আতঙ্ক ছড়িয়ে পড়ে সর্বত্র। সোশ্যাল মিডিয়ায় ভয়াবহ সেই অভিজ্ঞতার কথা জানান দেশের বিনোদন অঙ্গনের তারকারাও।

প্রকাশ: ২১ নভেম্বর ২০২৫ ২০:১২

তারকাদের ছবি

শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে সারাদেশে অনুভূত শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে রাজধানীসহ বিভিন্ন জেলা। রিখটার স্কেলে ৫ দশমিক ৭ মাত্রার এই ভূকম্পনের উপকেন্দ্র ছিল ঢাকা থেকে মাত্র ১৩ কিলোমিটার দূরে, ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে। প্রায় ২৬ সেকেন্ড স্থায়ী এই কম্পনে তিন জেলায় শিশুসহ ছয়জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন শতাধিক মানুষ।

হঠাৎ তীব্র ঝাঁকুনিতে ঘরবাড়ি ছেড়ে রাস্তায় নেমে আসে মানুষ। মাঝারি থেকে শক্তিশালী ধাক্কায় আতঙ্ক ছড়িয়ে পড়ে সর্বত্র। সোশ্যাল মিডিয়ায় ভয়াবহ সেই অভিজ্ঞতার কথা জানান দেশের বিনোদন অঙ্গনের তারকারাও।

অভিনেতা ফারুক আহমেদ লিখেছেন, “আমি থাকি ১৪ তলার ৫ম ফ্লোরে। হঠাৎ তীব্র ঝাঁকুনি। বিল্ডিং দুলছে, পাশের বিল্ডিং দোলনার মতো নড়ছে। জীবনে এমন তীব্রতা অনুভব করিনি।”

অভিনেত্রী মেহজাবীন চৌধুরী পোস্ট করেন, “ভূমিকম্প! আশা করি সবাই নিরাপদে আছেন।”
বিস্ময় প্রকাশ করে অভিনেতা রওনক হাসান লেখেন, “ওরে ঝাঁকি! সবাই ঠিক আছেন তো?”

অভিনেতা চঞ্চল চৌধুরী বলেন, “ভয়ংকর অভিজ্ঞতা! সবাই নিরাপদে থাকুন।”

অভিনেত্রী সামিরা খান মাহি একটি ভিডিও পোস্ট করে জানান, তার পোষা বিড়ালগুলো নাকি আগেই অস্বাভাবিক আচরণ করছিল।

ছেলেকে নিয়ে সিঁড়ি দিয়ে নেমে আসার অভিজ্ঞতা জানিয়ে অভিনেত্রী শাহানা রহমান লিখেছেন, “কী যে ঝাঁকুনি! বাসায় উঠে দেখি দেয়ালের ছবি, টেবিলের বোতল সব মেঝেতে।” তিনি জানান, শ্রীলঙ্কা থেকে আনা একটি পুরাতন হস্তশিল্পও ক্ষতিগ্রস্ত হয়েছে।

পরিচালক চয়নিকা চৌধুরী বলেন, “এমন বিশাল ভূমিকম্প কখনও দেখিনি। পাশ থেকে সবার চিৎকার শুনছিলাম।”

সংগীতশিল্পী শায়ান চৌধুরী অর্ণব তার বাড়ির পিলার থেকে খসে পড়া টাইলসের ছবি প্রকাশ করেছেন।
মাইলস ব্যান্ডের সদস্য হামিন আহমেদ জানান, তার বাসায় ক্ষতি হয়নি ও সবার জন্য দোয়া করেন।

অভিনেত্রী রোকাইয়া জাহান চমক পোস্ট করেছেন ‘ভূমিকম্প হলে করণীয়’ বিষয়ে সচেতনতা বার্তা— “জানুন ও বাঁচুন; ভয় নয়, বুদ্ধি দিয়ে লড়াই করুন।”

ভূতত্ত্ববিদ অধ্যাপক সৈয়দ হুমায়ুন আখতার জানান, ইন্দো–বার্মা টেকটোনিক প্লেটের সংযোগস্থলে এই ভূমিকম্পের উৎপত্তি। তার ভাষায়, “তীব্রতা ছিল বেশি, আর ক্ষয়ক্ষতিও ব্যাপক।”

গত কয়েক দশকে বড় ভূমিকম্পের ইতিহাস থাকলেও এ ধরনের প্রাণহানিমূলক কম্পন সাম্প্রতিক সময়ে দেখা যায়নি বলে জানান বিশেষজ্ঞরা।

বায়ান্ননিউজ২৪/আইরিন

বিনোদন থেকে আরো পড়ুন