বিনোদন

‘মিস ইউনিভার্স’ মুকুটের লড়াইয়ে বাংলাদেশের মিথিলা

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৫ ০২:৩৪

মিস ইউনিভার্সের আনুষ্ঠানিক ক্ষণগণনা শুরু হয়েছে, চলছে ভোটদান। বিশ্বের ১৩০ প্রতিযোগীদের মধ্যে কার মাথায় মুকুট উঠছে, সেটি দেখা যাবে নয় দিন পরই।

এই আয়োজনে বাংলাদেশ থেকে রয়েছেন তানজিয়া জামান মিথিলা। শ্রেষ্ঠত্বের লড়াইয়ে জয়ী হতে হলে তাকে ভোটেও লড়তে হবে। ফলে তার পাশে দাঁড়িয়েছেন দেশের অভিনয় শিল্পীরা।

অভিনেত্রী জয়া আহসান ফেইসবুকে এক পোস্টে মিথিলাকে ভোট দিতে উৎসাহ দিয়েছেন। তিনি লিখেছেন, “আমরা অনেকেই ফোনে স্ক্রল করে সময় ব্যয় করি। এর কিছুটা সময় ব্যয় করে বাংলাদেশকে সাপোর্ট করতে তানজিয়া জামান মিথিলাকে ভোট দিন। আপনার প্রতিটি ভোট বাংলাদেশ এবং মিথিলার জন্য মূল্যবান। আপনি ভোট দিন এবং সবাইকে বিনামূল্যে ভোট দিতে উৎসাহিত করুন।”


তিনি লেখেন, “মিস ইউনিভার্স অ্যাপে বাংলাদেশ নির্বাচিত করুন এবং গেট ভোট নির্বাচন করুন—একটি বিজ্ঞাপনের ভিডিও দেখুন এবং বিনামূল্যে ভোট সংগ্রহ করুন এবং তারপর বাংলাদেশকে ভোট দিন। আপনি এটি বারবার করতে পারেন।”


জয়া আহসান ছাড়াও তমা মির্জা, রুনা খান, সামিরা খান মাহি,  শেখ শাদী, শাম্মী ইসলাম নীলা, হৃদি শেখসহ অনেকেই মিথিলার জন্য ভোট চেয়েছেন।


মিস ইউনিভার্স ২০২৫ এর ভোটিং পর্বে ৭৩ হাজার ভোট পেয়ে বিশ্বে পঞ্চম স্থানে উঠে এসেছেন মিথিলা। এ সাফল্যে কৃতজ্ঞতা প্রকাশ করে ফেইসবুকে পোস্ট দিয়েছেন মিথিলা।

তিনি লিখেছেন, “আমি কাঁদছি। সত্যি বলতে আমি জানি না কী বলব। আপনাদের অমূল্য ৭৩,০০০ ভোটে আমরা এখন বিশ্বের ৫ নম্বরে। সবাইকে কীভাবে ধন্যবাদ জানাব, বুঝতে পারছি না।”

তিনি লিখেছেন, "আমি তোমাদের সবাইকে অনেক ভালোবাসি। বাংলাদেশে মুকুটটা আনার জন্য এবার আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। বাংলাদেশ অপ্রতিরোধ্য!”

বিনোদন থেকে আরো পড়ুন