প্রবাস

যুক্তরাজ্যের সমুদ্রসৈকতে মর্মান্তিক দুর্ঘটনায় মা-মেয়েসহ ৩ বাংলাদেশীর মৃত্যু

ঘটনাস্থলেই এক নারী ও এক কিশোরীকে বাঁচানো সম্ভব হয়নি। পরে গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়া আরেক শিশুরও মৃত্যু হয়।

প্রকাশ: ২৩ জুলাই ২০২৬ ১৭:১৩

যুক্তরাজ্যের এসেক্স কাউন্টির জনপ্রিয় পর্যটনকেন্দ্র ওয়েস্ট মার্সি (West Mersea) সমুদ্রসৈকতে পানিতে ডুবে সিলেটি একই পরিবারের তিনজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে এসেক্স পুলিশ।

নিহতরা হলেন যুক্তরাজ্য যুবদলের সহ-সভাপতি শেখ মনসুর রহমানের স্ত্রী সেলিনা রহমান (৪২), তাঁদের কন্যা সামিয়া রহমান (১৫) এবং মনসুর রহমানের শ্যালিকার ছেলে মুসা আহমেদ (৯)।

শেখ মনসুর রহমান সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মোল্লারগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম শেখ মকন মিয়ার ছেলে।

পরিবারের সদস্য শেখ মাহফুজুর রহমান জানান, বুধবার স্থানীয় সময় বিকেলে পরিবারের সদস্যরা ওয়েস্ট মার্সি সমুদ্রসৈকতে বেড়াতে গেলে দুর্ঘটনাটি ঘটে।

এসেক্স পুলিশ জানায়, স্থানীয় সময় বিকেল ৫টা ৩৫ মিনিটের দিকে সি ভিউ হলিডে পার্কসংলগ্ন সৈকতে কয়েকজন পানিতে বিপদে পড়েছেন বলে খবর পেয়ে জরুরি সেবা সংস্থাগুলো ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।

উদ্ধার অভিযানে অংশ নেয় এইচএম কোস্টগার্ড, ওয়েস্ট মার্সি আরএনএলআই লাইফবোট, এসেক্স পুলিশ, ফায়ার অ্যান্ড রেসকিউ সার্ভিস, ইস্ট অব ইংল্যান্ড অ্যাম্বুলেন্স সার্ভিস, হ্যাজার্ডাস এরিয়া রেসপন্স টিম এবং দুটি এয়ার অ্যাম্বুলেন্স।

দীর্ঘ সময় ধরে উদ্ধার ও পুনরুজ্জীবনের (সিপিআর) চেষ্টা চালিয়েও ঘটনাস্থলেই এক নারী ও এক কিশোরীকে বাঁচানো সম্ভব হয়নি। পরে গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়া আরেক শিশুরও মৃত্যু হয় বলে পারিবারিক সূত্র নিশ্চিত করেছে।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় মোট ছয়জনকে উদ্ধার করা হয়। একজনকে এয়ার অ্যাম্বুলেন্সে এবং আরও তিনজনকে স্থলপথে হাসপাতালে নেওয়া হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন দুজনের আঘাত প্রাণঘাতী নয়।

এসেক্স পুলিশের ডিটেকটিভ চিফ ইন্সপেক্টর আল পিচার বলেন, দুর্ঘটনায় জড়িত সবাই একে অপরের পরিচিত ও একই পরিবারের সদস্য বলে ধারণা করা হচ্ছে। কীভাবে এই দুর্ঘটনা ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাস্থলে উপস্থিত কোনো প্রত্যক্ষদর্শীর কাছে ছবি বা ভিডিও থাকলে তা তদন্তে সহায়তার জন্য পুলিশের কাছে দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

ঘটনার পর বৃহস্পতিবার সকালে ওয়েস্ট মার্সি সমুদ্রসৈকতে ফুল দিয়ে নিহতদের প্রতি শ্রদ্ধা জানান স্থানীয় বাসিন্দারা। প্রত্যক্ষদর্শীরা উদ্ধারকর্মীদের নিরলস প্রচেষ্টার প্রশংসা করে একে অত্যন্ত হৃদয়বিদারক ঘটনা হিসেবে বর্ণনা করেছেন।

স্থানীয় কর্তৃপক্ষের তথ্যমতে, ওয়েস্ট মার্সি সমুদ্রসৈকত পর্যটকদের কাছে জনপ্রিয় হলেও জোয়ারের সময় এ এলাকায় স্রোতের তীব্রতা বেড়ে যায়। ঘটনার দিন সন্ধ্যা ৬টা ৪৭ মিনিটে সেখানে উচ্চ জোয়ার ছিল।

এদিকে এই মর্মান্তিক ঘটনায় যুক্তরাজ্য ও সিলেটের প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, মরদেহ বাংলাদেশে নেওয়া হবে নাকি যুক্তরাজ্যেই দাফন করা হবে, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

প্রবাস থেকে আরো পড়ুন