প্রবাস

মালয়েশিয়ায় চিরুনি অভিযানে বাংলাদেশিসহ ২০০ বিদেশি আটক

প্রকাশ: ০৬ জুলাই ২০২৬ ১৯:২৭

ছবি: সংগৃহীত

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করেছে দেশটির অভিবাসন বিভাগ। রাজধানী কুয়ালালামপুরের তামান মালুরি নৈশবাজারে পরিচালিত বিশেষ অভিযানে বাংলাদেশিসহ ২০০ বিদেশি নাগরিককে আটক করা হয়েছে। একই সঙ্গে কর্তৃপক্ষ জানিয়েছে, শুধু অবৈধ অভিবাসীদের বিরুদ্ধেই নয়, তাদের আশ্রয়দাতা নিয়োগকর্তা, ব্যবসায়ী, এজেন্ট ও দালাল চক্রের বিরুদ্ধেও কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রোববার (৫ জুলাই) সন্ধ্যায় পরিচালিত ‘অপ কুতিপ’ (Op Kutip) নামের এই অভিযান পরিচালনা করে কুয়ালালামপুর ও পুত্রাজায়া অভিবাসন বিভাগ, কুয়ালালামপুর সিটি হল (ডিবিকেএল)-এর সহযোগিতায়। স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের অভিযোগের পর প্রায় দুই সপ্তাহ গোপন নজরদারি চালিয়ে এই অভিযান পরিচালনা করা হয়।

কুয়ালালামপুর অভিবাসন বিভাগের পরিচালক হামশাহ ইনজাউ জানান, অভিযানে মোট ৫০০ জনের কাগজপত্র যাচাই করা হয়। তাদের মধ্যে ৪০৭ জন বিদেশি এবং ৯৩ জন মালয়েশিয়ার নাগরিক ছিলেন। যাচাই শেষে বৈধ কাগজপত্র না থাকায় ২০০ জন বিদেশিকে আটক করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে ১২৫ জন পুরুষ ও ৭৫ জন নারী। তারা বাংলাদেশ, ইন্দোনেশিয়া, মিয়ানমার, ভিয়েতনাম, চীন, পাকিস্তান ও ভারতের নাগরিক।

অভিযান শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই অনেক বিদেশি নাগরিক পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। কেউ আশপাশের দোকান ও ভবনে লুকিয়ে পড়েন, আবার কেউ দৌড়ে এলাকা ছাড়ার চেষ্টা করেন। তবে আগে থেকেই পুরো এলাকা ঘিরে রাখায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অধিকাংশকেই আটক করতে সক্ষম হন।

অভিবাসন বিভাগের প্রাথমিক তদন্তে আটক ব্যক্তিদের বিরুদ্ধে বৈধ ভ্রমণ নথি না থাকা, ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও অবস্থান করা (ওভারস্টে), সামাজিক ভিজিট পাসের অপব্যবহার এবং অভিবাসন পাসের শর্ত লঙ্ঘনের মতো বিভিন্ন অভিযোগ পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে মালয়েশিয়ার অভিবাসন আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।

হামশাহ ইনজাউ বলেন, তামান মালুরিতে অভিযান শেষ নয়। রাজধানী কুয়ালালামপুরের যেসব নৈশবাজার ও এলাকায় বিদেশিদের উপস্থিতি বেশি, সেখানে পর্যায়ক্রমে একই ধরনের অভিযান চালানো হবে। তিনি বলেন, অভিবাসন আইন লঙ্ঘনের বিরুদ্ধে কোনো ধরনের আপস করা হবে না।

তিনি আরও সতর্ক করে বলেন, অবৈধ অভিবাসীদের আশ্রয় দেওয়া, কাজে নিয়োগ দেওয়া বা এসব কার্যক্রমে সহযোগিতা করা নিয়োগকর্তা, ব্যবসায়ী, এজেন্ট ও সিন্ডিকেটের বিরুদ্ধেও খুব শিগগির কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আইন প্রয়োগ শুধু অবৈধ অভিবাসীদের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না।

মালয়েশিয়ার অভিবাসন বিভাগ সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়েছে, কোথাও অভিবাসন আইন লঙ্ঘনের ঘটনা চোখে পড়লে দ্রুত কর্তৃপক্ষকে জানাতে। পাশাপাশি দেশটিতে অবস্থানরত বাংলাদেশিসহ সব বিদেশি নাগরিককে বৈধ পাসপোর্ট, ভিসা ও ওয়ার্ক পারমিট সঙ্গে রাখা এবং অভিবাসন আইন কঠোরভাবে মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে। সাম্প্রতিক সময়ে মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে নজরদারি ও অভিযান উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।

সূত্র: মালয় মেইল।

প্রবাস থেকে আরো পড়ুন