পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে গত ১৫ দিনে সারা দেশে সড়ক, রেল ও নৌপথে সংঘটিত বিভিন্ন দুর্ঘটনায় ৪৩৮ জন নিহত এবং ১ হাজার ৩৪০ জন আহত হয়েছেন বলে জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।
রোববার (৭ জুন) রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য তুলে ধরেন সংগঠনটির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী।
সংগঠনের সড়ক দুর্ঘটনা মনিটরিং সেলের প্রতিবেদনে বলা হয়েছে, ঈদযাত্রা ও ঈদ-পরবর্তী সময়ে দেশের বিভিন্ন স্থানে মোট ৪৪২টি দুর্ঘটনা ঘটেছে।
এর মধ্যে সড়কপথে ৩৯৪টি দুর্ঘটনায় ৪০২ জন নিহত এবং ১ হাজার ২৯৪ জন আহত হয়েছেন। রেলপথে ৩১টি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ২৩ জন, আহত হয়েছেন আরও ৩০ জন। এছাড়া নৌপথে ১৭টি দুর্ঘটনায় ১৩ জন নিহত ও ১৬ জন আহত হয়েছেন।
প্রতিবেদন অনুযায়ী, সড়ক, রেল ও নৌপথ মিলিয়ে মোট ৪৪২টি দুর্ঘটনায় ৪৩৮ জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন ১ হাজার ৩৪০ জন।
সংবাদ সম্মেলনে যাত্রী কল্যাণ সমিতি সড়ক নিরাপত্তা জোরদার, যানবাহনের ফিটনেস নিশ্চিতকরণ, দক্ষ চালক নিয়োগ এবং মহাসড়কে কার্যকর নজরদারি বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করে। সংগঠনটির মতে, দীর্ঘমেয়াদে দুর্ঘটনা কমাতে সমন্বিত উদ্যোগ গ্রহণ জরুরি।
বাংলাদেশ থেকে আরো পড়ুন