তুলসী গ্যাবার্ড
যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিচালক (ডিএনআই) তুলসী গ্যাবার্ড পদত্যাগের ঘোষণা দিয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার তিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে পদত্যাগপত্র জমা দেন। আগামী ৩০ জুন থেকে তার পদত্যাগ কার্যকর হবে বলে জানিয়েছে মার্কিন গণমাধ্যমগুলো।
পদত্যাগপত্রে তুলসী গ্যাবার্ড জানান, তার স্বামী আব্রাহাম উইলিয়ামস সম্প্রতি বিরল ধরনের বোন ক্যানসারে আক্রান্ত হয়েছেন। পরিবারের এই কঠিন সময়ে স্বামীর পাশে থাকতেই সরকারি দায়িত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
তিনি লেখেন, “আগামী দিনগুলো আমাদের পরিবারের জন্য অত্যন্ত চ্যালেঞ্জিং হতে যাচ্ছে। এই সময়ে আমার স্বামীর পাশে থাকা সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব।”
তবে ওয়াশিংটনের রাজনৈতিক অঙ্গনে তার পদত্যাগ নিয়ে ভিন্ন আলোচনা চলছে। বিভিন্ন মার্কিন সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প প্রশাসনের ভেতরে দীর্ঘদিন ধরেই তুলসী গ্যাবার্ডকে ঘিরে অসন্তোষ ছিল। বিশেষ করে ইরান ইস্যু, জাতীয় নিরাপত্তা নীতি এবং গোয়েন্দা মূল্যায়ন নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে তার মতবিরোধ বাড়ছিল।
মার্কিন সংবাদমাধ্যমগুলোর দাবি, সাম্প্রতিক সময়ে গুরুত্বপূর্ণ নিরাপত্তা বৈঠকগুলো থেকেও তুলসী গ্যাবার্ডকে অনেকটা দূরে রাখা হচ্ছিল। প্রশাসনের ভেতরে তার প্রভাব কমে যাওয়ার বিষয়টিও আলোচনায় ছিল।
এদিকে পদত্যাগের পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তুলসী গ্যাবার্ডের কাজের প্রশংসা করেন এবং তার পরিবারের প্রতি সমবেদনা জানান। একইসঙ্গে তার ডেপুটি অ্যারন লুকাসকে ভারপ্রাপ্ত জাতীয় গোয়েন্দা পরিচালক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানা গেছে।
সাবেক ডেমোক্র্যাট কংগ্রেস সদস্য তুলসী গ্যাবার্ড ২০২৫ সালে ট্রাম্প প্রশাসনে জাতীয় গোয়েন্দা পরিচালক হিসেবে দায়িত্ব নেন। দায়িত্ব গ্রহণের পর থেকেই তার বিভিন্ন বক্তব্য ও অবস্থান নিয়ে মার্কিন রাজনীতিতে ব্যাপক বিতর্ক তৈরি হয়েছিল।
বিশ্ব থেকে আরো পড়ুন