প্রবাস

লেবাননের ১৪ এলাকা ছাড়তে বাংলাদেশিদের জরুরি নির্দেশ

প্রকাশ: ১০ এপ্রিল ২০২৬ ০৪:২৩

লেবাননের রাজধানী বৈরুতের ১৪টি এলাকা থেকে বাংলাদেশিদের দ্রুত সরে গিয়ে নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার নির্দেশ দিয়েছে বৈরুতস্থ বাংলাদেশ দূতাবাস।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দূতাবাসের পক্ষ থেকে জারি করা এক জরুরি সতর্কবার্তায় বলা হয়, বৈরুতের বিভিন্ন এলাকায় সম্ভাব্য হামলার আশঙ্কা রয়েছে। এ কারণে সেখানে অবস্থানরত বাংলাদেশিদের বিলম্ব না করে নিরাপদ দূরত্বে সরে যেতে বলা হয়েছে।

দূতাবাস জানায়, যেসব এলাকায় ঝুঁকি সবচেয়ে বেশি বলে মনে করা হচ্ছে, সেগুলো হলো সাবরা শাতিলা, শাতিলা, বুর্জ আল বারাজনে, আল-রিহাব, ইজনাহ, বীর হাসান, হাইছুলুম, বিমানবন্দর সড়ক এলাকা, আল-উযায়ী, আল-শিয়াহ, তারিক আল-জাদিদের উপকণ্ঠ, আল-তাইউনেহ, ফুর্ন আল-শুব্বাকের উপকণ্ঠ এবং বাদারো এলাকার আল-শিয়াহ সংলগ্ন অংশ।

দূতাবাস বাংলাদেশিদের এসব এলাকা এড়িয়ে চলার পাশাপাশি প্রয়োজন ছাড়া বাইরে বের না হওয়ার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে স্থানীয় প্রশাসন ও নিরাপত্তা বাহিনীর নির্দেশনা মেনে চলতে বলা হয়েছে।

লেবাননে চলমান সংঘাত ও ইসরায়েলি হামলার মধ্যে বৈরুতের বিভিন্ন এলাকায় নতুন করে উত্তেজনা তৈরি হওয়ায় এই সতর্কবার্তা জারি করা হয়েছে। সাম্প্রতিক দিনগুলোতে বৈরুত ও আশপাশের এলাকায় একাধিক বিস্ফোরণ ও বিমান হামলার খবর পাওয়া গেছে।

বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, জরুরি প্রয়োজনে প্রবাসীরা দূতাবাসের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারবেন। পাশাপাশি নিজেদের অবস্থান ও নিরাপত্তা সম্পর্কে পরিবারকে নিয়মিত জানাতে বলা হয়েছে।

প্রবাস থেকে আরো পড়ুন