প্রবাস

দেশে পৌঁছেছে সংযুক্ত আরব আমিরাতে নিহত শাহ আলমের মরদেহ

প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৬ ১১:৩৩

নিহত শাহ আলম

সংযুক্ত আরব আমিরাতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার ধ্বংসাবশেষে নিহত প্রবাসী শাহ আলমের মরদেহ দেশে পৌঁছেছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল ৮টা ৩৭ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তার মরদেহ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনা হয়। বিমানবন্দরে তার স্বজন ও স্থানীয় প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

জানা গেছে, সংযুক্ত আরব আমিরাতে প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করার পর বিশেষ ব্যবস্থাপনায় শাহ আলমের মরদেহ বাংলাদেশে পাঠানো হয়। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ও আবুধাবিস্থ বাংলাদেশ দূতাবাস মরদেহ দেশে পাঠানোর বিষয়টি তদারকি করে।

আবুধাবিতে বাংলাদেশ দূতাবাস এক শোকবার্তায় শাহ আলমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে। দূতাবাসের পক্ষ থেকে তার পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে এবং মরহুমের আত্মার মাগফিরাত কামনা করা হয়েছে।

পরিবার সূত্রে জানা গেছে, মরদেহ গ্রামের বাড়িতে নেওয়া হবে এবং সেখানে জানাজা শেষে দাফন সম্পন্ন করা হবে।

গত ১ এপ্রিল স্থানীয় সময় ভোর ৬টার দিকে সংযুক্ত আরব আমিরাতের একটি এলাকায় ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ শাহ আলমের ওপর এসে পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

শাহ আলম দীর্ঘদিন ধরে সংযুক্ত আরব আমিরাতে কর্মরত ছিলেন। তার মৃত্যুতে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

প্রবাস থেকে আরো পড়ুন