যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যের আলবানি এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশির মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুই বাংলাদেশি, তারা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
নিউইয়র্ক সময় সোমবার (৬ এপ্রিল) সন্ধ্যা ৭টা ২৭ মিনিটে আলবানির রুট ৯-এইচ সড়কের ভ্যান ওয়াইক লেনে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, কুমিল্লার মুরাদনগর উপজেলার কড়ইবাড়ি গ্রামের বাসিন্দা মো. হীরামন (৬০), তার ছেলে নাজমুল রোবেল (৩০) এবং নাজমুলের বন্ধু ফাহিম আলিম (২৭)। তারা সবাই নিউইয়র্কের লাউডনভিলে বসবাস করতেন। হীরামন ও নাজমুল সম্পর্কে বাবা-ছেলে।
আহত হয়েছেন হীরামনের বড় মেয়ে রত্না (৩৩) এবং তার এক বছর বয়সী নাতনি ইকরা। দুর্ঘটনার পর তাদের উদ্ধার করে আলবানির একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, তাদের অবস্থা আশঙ্কাজনক।
নিহতদের স্বজনদের বরাত দিয়ে জানা গেছে, সোমবার সন্ধ্যায় পরিবারের সদস্যরা একটি ব্যক্তিগত গাড়িতে করে ঘুরতে বের হয়েছিলেন। গাড়িটি চালাচ্ছিলেন নাজমুল রোবেল। পথে রুট ৯-এইচ সড়কের ভ্যান ওয়াইক লেনে পৌঁছালে গাড়িটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। পরে সেটি সড়কের মাঝের বিভাজক অতিক্রম করে বিপরীত দিক থেকে আসা একটি টয়োটা ক্রাউন গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে।
দুর্ঘটনাটি এতটাই ভয়াবহ ছিল যে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়। এর মধ্যে তিনজন বাংলাদেশি। অপর নিহত ব্যক্তি অন্য গাড়ির চালক বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
নিহত হীরামনের ছোট বোন রাজিয়া বেগম দুর্ঘটনার খবর নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতদের জানাজার নামাজ বুধবার নিউইয়র্ক সময় জোহরের নামাজের পর Baitul Aman Islamic Center-এ অনুষ্ঠিত হবে। এরপর তাদের মরদেহ নিউ জার্সির মার্লবুরো মুসলিম কবরস্থানে দাফন করা হবে।
এই দুর্ঘটনার খবরে নিউইয়র্কে প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে। নিহতদের পরিবার ও স্বজনদের প্রতি সমবেদনা জানিয়েছে বিভিন্ন সামাজিক ও ধর্মীয় সংগঠন।
প্রবাস থেকে আরো পড়ুন