বিজ্ঞান

আর্টেমিস-২ মিশন

চাঁদের পথে অর্ধেক যাত্রা সম্পন্ন

প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৬ ০২:৪২

মিশন থেকে পাঠানো পৃথিবীর ছবি

চাঁদের উদ্দেশ্যে যাত্রার অর্ধেক পথ পেরিয়ে পৃথিবীর দারুণ কিছু উচ্চমানের ছবি পাঠিয়েছে আর্টেমিস-২ মিশনের নভোচারীরা। মহাকাশ থেকে তোলা এসব ছবিতে নীল গ্রহ পৃথিবীকে নতুনভাবে দেখার সুযোগ মিলেছে, যা ইতোমধ্যে বিশ্বজুড়ে ব্যাপক আগ্রহ তৈরি করেছে।

মার্কিন মহাকাশ সংস্থা জানিয়েছে, চূড়ান্ত ইঞ্জিন চালনা সম্পন্ন করার পর নভোচারীরা পৃথিবীকে পেছনে ফেলে চাঁদের দিকে এগিয়ে যাচ্ছেন। এই সময়েই তোলা হয় ছবিগুলো। সর্বশেষ তথ্য অনুযায়ী, মহাকাশযানটি পৃথিবী থেকে প্রায় ২ লাখ ২৮ হাজার কিলোমিটার দূরে অবস্থান করছে এবং ধীরে ধীরে চাঁদের দিকে অগ্রসর হচ্ছে।

নভোচারীরা জানান, যাত্রার এই গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জনের মুহূর্তটি তাদের জন্য ছিল আনন্দে ভরপুর। পৃথিবীর যে ছবিটি প্রকাশ করা হয়েছে, তাতে বিশাল আটলান্টিক মহাসাগর, সাদা মেঘমালা এবং গ্রহটির চারপাশে বায়ুমণ্ডলের আলোকচ্ছটা স্পষ্টভাবে দেখা যাচ্ছে। মেরু অঞ্চলে সবুজ আভাও ধরা পড়েছে।

আরেকটি ছবিতে পৃথিবীর দিন ও রাতের বিভাজনরেখা দেখা গেছে, যেখানে এক পাশে অন্ধকারে শহরের আলো জ্বলজ্বল করছে, অন্য পাশে সূর্যের আলোয় উজ্জ্বল অংশ।

মিশনের নভোচারীরা জানান, মহাকাশযানের জানালায় ভিড় করে তারা এসব দৃশ্য দেখেছেন এবং ছবি তুলেছেন। এত দূর থেকে ছবি তোলার সময় আলোর ভারসাম্য ঠিক রাখতে কিছুটা চ্যালেঞ্জ থাকলেও পরে তা সমাধান করা গেছে।

এই মিশনটি প্রায় অর্ধশতাব্দীর বেশি সময় পর মানুষের চাঁদপথে ফিরে যাওয়ার বড় পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। নভোচারীরা চাঁদের চারপাশ ঘুরে আগামী ১০ এপ্রিল পৃথিবীতে ফিরে আসবেন।

বিশেষজ্ঞদের মতে, এই ছবিগুলো শুধু বৈজ্ঞানিক দিক থেকেই নয়, মানবজাতির জন্য আবেগেরও এক অনন্য প্রতীক—যা আবার মনে করিয়ে দেয়, মহাকাশের বিশালতার মাঝে আমাদের একমাত্র বাসস্থান এই পৃথিবীই।

বিজ্ঞান থেকে আরো পড়ুন