প্রবাস

যুক্তরাষ্ট্রে হাতুড়ির আঘাতে প্রাণ গেল বাংলাদেশি নারীর, আটক ঘাতক

প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৬ ১২:০৩

অভিযুক্ত রোলবার্ট জোয়াচিন

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে এক হৃদয়বিদারক ঘটনায় নীলুফার ইয়াসমিন (৪৮) নামে এক বাংলাদেশি নারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে। এই নৃশংস ঘটনার পরপরই অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করেছে স্থানীয় পুলিশ।

ঘটনাটি বৃহস্পতিবার সকালে ফোর্ট মায়ার্স শহরের একটি গ্যাস স্টেশনে ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, কয়েকদিন আগেই অভিযুক্ত ব্যক্তি এটিএম বুথ থেকে টাকা তুলতে ব্যর্থ হয়ে দোকানের ক্যাশিয়ার নীলুফারের কাছে অর্থ দাবি করেছিলেন। তখন তিনি বিষয়টি প্রত্যাখ্যান করলে অভিযুক্ত ক্ষিপ্ত হয়ে চলে যায়।

এরপর বৃহস্পতিবার ভোরে সে আবার ফিরে আসে এবং প্রথমে নীলুফারের ব্যক্তিগত গাড়ি ভাঙচুর করে। শব্দ শুনে নীলুফার বাইরে এলে অভিযুক্ত টাকা দাবি করে চিৎকার করতে থাকে এবং হঠাৎ করেই হাতুড়ি দিয়ে তার মাথায় আঘাত করে। ঘটনাস্থলেই তিনি গুরুতর আহত হন।

তাৎক্ষণিকভাবে জরুরি সেবা দল এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসকরা কিছুক্ষণের মধ্যেই তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ জানায়, ঘটনার কিছু সময়ের মধ্যেই অভিযুক্ত রোলবার্ট জোয়াচিন (৪০)কে নিকটবর্তী এলাকা থেকে আটক করা হয়। নিরাপত্তাজনিত কারণে আশপাশের কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল। বর্তমানে তাকে হত্যা ও ভাঙচুরের অভিযোগে আটক রাখা হয়েছে এবং আদালতের নির্দেশে জামিন ছাড়াই কারাগারে পাঠানো হয়েছে।

নিহত নীলুফার ইয়াসমিনের গ্রামের বাড়ি লক্ষ্মীপুর জেলায়। তিনি মাত্র তিন মাস আগে ওই প্রতিষ্ঠানে কাজ শুরু করেছিলেন। তার দুই কন্যাসন্তান রয়েছে, যাদের বয়স ১৬ ও ২০ বছর।

এই ঘটনায় প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে গভীর শোকের ছায়া নেমে এসেছে। অনেকেই সামাজিক মাধ্যমে ক্ষোভ প্রকাশ করে অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

প্রবাস থেকে আরো পড়ুন