সংযুক্ত আরব আমিরাতে ড্রোন হামলার ঘটনায় এক বাংলাদেশি নিহত হয়েছেন।
বুধবার দেশটির পূর্বাঞ্চলীয় ফুজাইরাহ এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
সরকারি সূত্রে জানা গেছে, একটি ড্রোন দেশটির আকাশসীমায় প্রবেশ করলে সেটিকে প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ভূপাতিত করা হয়। তবে ড্রোনটি ধ্বংস হওয়ার পর এর ধ্বংসাবশেষ নিচে পড়ে একজন বাংলাদেশি শ্রমিকের ওপর আঘাত হানে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
জানা গেছে, নিহত ব্যক্তি ফুজাইরাহর আল রিফা এলাকার একটি খামারে কাজ করছিলেন। তবে এখন পর্যন্ত তার পরিচয় প্রকাশ করা হয়নি।
স্থানীয় সূত্রগুলো বলছে, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সফলভাবে ড্রোনটি ধ্বংস করলেও ধ্বংসাবশেষ পড়ে এই দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে জরুরি সেবা দল পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এই ঘটনার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জনগণকে গুজবে কান না দিয়ে শুধুমাত্র সরকারি তথ্যের ওপর নির্ভর করার আহ্বান জানিয়েছে।
বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে বিভিন্ন দেশে ড্রোন হামলার ঝুঁকি বাড়ছে। এই ঘটনায় সরাসরি হামলায় নয়, বরং প্রতিরক্ষা ব্যবস্থার ধ্বংসাবশেষে প্রাণহানির বিষয়টি নতুন করে উদ্বেগ তৈরি করেছে।
প্রবাসী বাংলাদেশি কমিউনিটির মধ্যে এ ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে।
প্রবাস থেকে আরো পড়ুন