বাংলাদেশ

২০১৮ সালের নির্বাচনে দায়িত্ব পালন করা ৩২ যুগ্মসচিবকে বাধ্যতামূলক অবসরে প্রেরণ

প্রকাশ: ২৮ জুলাই ২০২৬ ০২:৪১

২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করা যুগ্মসচিব পদমর্যাদার ৩২ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।

সোমবার (২৭ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে এ সিদ্ধান্ত জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সংশ্লিষ্ট কর্মকর্তাদের চাকরির মেয়াদ ২৫ বছর পূর্ণ হওয়ায় এবং জনস্বার্থে সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৫ ধারার ক্ষমতাবলে তাদের অবসর দেওয়া হয়েছে। বিধি অনুযায়ী তারা অবসরজনিত সব সুবিধা পাবেন।

অবসরে পাঠানো কর্মকর্তারা দীর্ঘদিন ধরে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে কর্মরত ছিলেন। সরকার পরিবর্তনের পর তারা আর কোনো পদোন্নতি পাননি।

রাজনৈতিক মহলে আলোচিত হচ্ছে, এসব কর্মকর্তা বিগত আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠ হিসেবে বিবেচিত ছিলেন। বিএনপি নেতৃত্বাধীন বর্তমান সরকারের সময়ে তাদের প্রশাসনের গুরুত্বপূর্ণ দায়িত্বে আর ফেরানো হয়নি। দীর্ঘ সময় ওএসডি অবস্থায় রাখার পর শেষ পর্যন্ত বাধ্যতামূলক অবসরে পাঠানো হলো তাদের। 

জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে যাদের অবসরে পাঠানো হয়েছে তারা হলেন: গোপাল চন্দ্র দাশ, এস এম ফেরদৌস, এস এম আব্দুল কাদের, মো. আলী আকবর, মাহমুদুল কবীর মুরাদ, মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী, সৈয়দা ফারহানা কাউনাইন, ড. মোহাম্মদ হেলাল হোসেন, আনার কলি মাহবুব, সুলতানা পারভীন, নাজিয়া শিরিন, মতিউল ইসলাম চৌধুরী, মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক, এ এস এম অজিয়র রহমান, ওয়াহিদুজ্জামান, শহিদুল ইসলাম, সরোজ কুমার নাথ, জসিম উদ্দিন, মোহাম্মদ আব্দুল আহাদ, কামাল হোসেন, এ কে এম মামুনুর রশিদ, অঞ্জন চন্দ্র পাল, মোহাম্মদ ইলিয়াস হোসেন, মিজানুর রহমান, এ জেড এম নুরুল হক, কাজী আবু তাহের, শাহরিয়ার, মোহাম্মদ দাউদুল ইসলাম, মঈনউল ইসলাম, আসলাম হোসেন, আবুল ফজল মীর এবং মাজেদুর রহমান খান।

বিশ্লেষকদের মতে, প্রশাসনে পুনর্বিন্যাসের ধারাবাহিকতায় এ সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ হলেও, একসঙ্গে এত সংখ্যক যুগ্মসচিবকে বাধ্যতামূলক অবসরে পাঠানো প্রশাসনিক অঙ্গনে নতুন আলোচনা তৈরি করেছে।

বাংলাদেশ থেকে আরো পড়ুন