প্রকাশ: ০২ ফেব্রুয়ারী ২০২৬ ২১:২৭
গ্রেফতারকৃত ড. সাফিকুর রহমান
১১ বছরের এক শিশু গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে দায়ের করা মামলায় রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থার শীর্ষ কর্মকর্তা কারাগারে গেলেন। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মো. সাফিকুর রহমান, তার স্ত্রী বিথীসহ চারজনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
সোমবার বিকেলে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজু আহমেদের আদালত এই আদেশ দেন। একই মামলায় গ্রেপ্তার হওয়া অন্য দুই আসামি হলেন ড. সাফিকুর রহমানের বাসায় কর্মরত গৃহকর্মী রুপালী খাতুন ও মোছা. সুফিয়া বেগম।
এর আগে মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক রোবেল মিয়া চার আসামিকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। শুনানি শেষে আদালত সেই আবেদন মঞ্জুর করেন।

পুলিশ জানায়, রোববার গভীর রাতে উত্তরা ৯ নম্বর সেক্টরের একটি বাসা থেকে ড. সাফিকুর রহমান, তার স্ত্রী এবং আরও দুই গৃহকর্মীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মহানগর পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেপুর রহমান।
উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিক আহমেদ বলেন, শিশুটিকে অমানবিকভাবে নির্যাতনের অভিযোগে তার বাবা থানায় মামলা দায়ের করেন। ওই মামলার ভিত্তিতেই আসামিদের গ্রেপ্তার করা হয়েছে।
রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থার শীর্ষ পর্যায়ের কর্মকর্তার গ্রেপ্তার ও কারাগারে পাঠানোর ঘটনায় প্রশাসনিক ও সংশ্লিষ্ট মহলে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। তবে এ বিষয়ে এখন পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইনস–এর পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
ড. সাফিকুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি ১৯৮৬ সালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসে ট্রেইনি কমার্শিয়াল অফিসার হিসেবে কর্মজীবন শুরু করেন এবং দীর্ঘদিন বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের পর সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও পদে দায়িত্ব নেন।
বায়ান্ননিউজ২৪/সৈকত
বাংলাদেশ থেকে আরো পড়ুন