সমাজ

জোরালো হচ্ছে ন্যূনতম মজুরি বাড়ানোর দাবি

আমেরিকায় জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি

প্রকাশ: ২৩ মার্চ ২০২৩ ১২:১৫

আমেরিকায়-জীবনযাত্রার-ব্যয়-বৃদ্ধিআমেরিকার কর্মজীবীদের ন্যূনতম মজুরী বৃদ্ধি নিয়ে নতুন করে লড়াই শুরু হয়েছে। ফেডারেল সরকার জাতীয়ভাবে মজুরি বৃদ্ধি নিয়ে আইন প্রণয়ন করতে ব্যর্থ হলেও রাজ্যপর্যায়ে গত কয়েক বছরে মজুরি বৃদ্ধি করা হয়েছে। নিউইয়র্কের মতো রাজ্যে ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৫ ডলার করা হলেও এখন নতুন করে অসন্তোষ দেখা দিয়েছে। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির সাথে সমন্বয় করে ঘণ্টায় ২০ ডলার মজুরি নিশ্চিত করার দাবি উঠেছে।

শুধু নিউইয়র্কে নয় অন্যান্য রাজ্যেও কর্মজীবী ও প্রতিষ্ঠান মালিকদের মধ্যে এ নিয়ে অসন্তোষ বাড়ছে। কর্মজীবীদের দাবি এবং ব্যবসায়ীদের ক্ষতিগ্রস্ত না করে ন্যূনতম মজুরি বৃদ্ধি করার টানাপোড়েনে আছেন আইনপ্রণেতারা। আমেরিকাজুড়ে একধরনের নীরব যুদ্ধ চলছে। ফেডারেল থেকে শুরু করে রাজ্যপর্যায়ে কর্মজীবীরা তাঁদের ন্যূনতম মজুরির সন্তোষজনক বৃদ্ধির প্রত্যাশা করেন। এ নিয়ে শ্রমিকবান্ধব আইনপ্রণেতাসহ শ্রম সংগঠনগুলো আন্দোলন গড়ে তুলছে। পাশাপাশি ব্যবসায়ী সম্প্রদায় এমন অবাধ মজুরি বৃদ্ধির বিরোধিতা করে আসছে। ব্যবসায়ীরা বলছেন, আইন করে ঢালাওভাবে মজুরি বৃদ্ধি করা হলে বহু ব্যবসা-বাণিজ্য বন্ধ করে দিতে হবে।

মনে করা হচ্ছে, আমেরিকার শ্রমজীবীদের মজুরি বৃদ্ধির এ লড়াইটি আগামী এক দশকের ব্যবসা-বাণিজ্য, রাজনীতি এবং আর্থ-সামাজিক বিভিন্ন বিষয়কে প্রভাবান্বিত করবে। নিউইয়র্কের উদারনৈতিক পক্ষগুলোর পক্ষ থেকে রাজ্যের ন্যূনতম মজুরি ঘণ্টায় ২০ ডলার বা তারচেয়ে বেশি করার জন্য এখন দাবি উঠেছে। ক্যালিফোর্নিয়া, ওয়াশিংটন, ডিসট্রিক্ট অব কলম্বিয়া এরইমধ্যে কর্মজীবীদের ঘণ্টায় মজুরি ১৫ ডলারের সীমানা অতিক্রম করেছে। অ্যাক্টিভিস্ট এবং শ্রমিক সংগঠনগুলো এসব রাজ্যে আগামী বছরগুলোতে ঘণ্টায় ২২ ডলার করে মজুরি নির্ধারণের জন্য সোচ্চার হয়ে উঠেছে। অন্যান্য রাজ্যেও মুদ্রস্ফীতির সাথে তাল দিয়ে ন্যূনতম মজুরি বৃদ্ধি দাবি ক্রমশ জোরালো হয়ে উঠছে।    

ইকোনমিক পলিসি ইনস্টিটিউটের ডেইভ কুপার বলেন, যখন ঘণ্টায় ১৫ ডলার মজুরি নির্ধারণের প্রস্তাব করা হয়েছিল, তখন ধারণা ছিল না বর্তমান বাস্তবতা কী হতে পারে। এখন ১৫ ডলার মজুরি জীবনযাত্রার মূল্যমানে খুবই নগণ্য।

নিউইয়র্কের রাজ্য গভর্নরের একজন মুখপাত্র এ বিষয়ে বলেন, রাজ্যের আইনপ্রণেতাদের সাথে আলোচনা করেই নিউইয়র্ককে সব ধরনের লোকজনের বসবাসের চাহিদা পূরণের ব্যবস্থা নেয়া হবে।

নিউইয়র্ক রাজ্য সিনেটের আইনপ্রণেতা জ্যাসিকা রামোস রাজ্যের ন্যূনতম মজুরি ২০২৬ সালের মধ্যে ২১ ডলার ২৫ সেন্টস করার প্রস্তাব করেছেন।

২০০৯ সালে ফেডারেল সরকার ন্যূনতম মজুরি ৭ ডলার ২৫ সেন্টস নির্ধারণ করে আইন প্রণয়ন করে। এরপর ডেমোক্র্যাট দল কংগ্রেসে দুই দফা ন্যূনতম মজুরি বৃদ্ধির প্রস্তাব করলেও তা সিনেটে গিয়ে আটকা পড়ে যায়। গত মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাট দল কংগ্রেসে সংখ্যাগরিষ্ঠতা হারানোর পর এ নিয়ে দলওটি এখন নীরব ভূমিকা পালন করছে। আমেরিকার ৩০টি রাজ্যেই এখন ফেডারেল ন্যূনতম মজুরির অনেক ওপরে মজুরি নির্ধারণ করে আইন প্রণয়ন করা হয়।

সমাজ থেকে আরো পড়ুন