আকাশসীমার জটিলতা কাটিয়ে রূপপুরের ইউরেনিয়াম দেশে পৌঁছেছে

প্রকাশিত: ০৩ অক্টোবর, ২০২৬ ০৩:৫৮ (বুধবার)
আকাশসীমার জটিলতা কাটিয়ে রূপপুরের ইউরেনিয়াম দেশে পৌঁছেছে

পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের অনুমতি নিয়ে তৈরি হওয়া জটিলতা কাটিয়ে রাশিয়া থেকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য ইউরেনিয়ামের একটি চালান বাংলাদেশে পৌঁছেছে।

শুক্রবার (২ অক্টোবর) রাত ১১টা ৪৩ মিনিটে বিশেষ একটি কার্গো উড়োজাহাজে করে ইউরেনিয়ামের চালানটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় বলে প্রকল্পসংশ্লিষ্ট এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন।

শনিবার (৩ অক্টোবর) কঠোর নিরাপত্তাব্যবস্থার মধ্য দিয়ে সেনাবাহিনীর তত্ত্বাবধানে বিমানবন্দর থেকে ইউরেনিয়াম রূপপুর প্রকল্প এলাকায় নেওয়ার কথা রয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, এর আগে বৃহস্পতিবার রাশিয়া থেকে ইউরেনিয়ামবাহী উড়োজাহাজটির বাংলাদেশে আসার কথা থাকলেও শেষ মুহূর্তে ফ্লাইটটি বাতিল করা হয়। পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের অনুমতি না পাওয়ায় এ জটিলতা তৈরি হয়েছিল বলে জানা গেছে।

প্রকল্প সূত্রের তথ্য অনুযায়ী, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের জন্য সাতটি এবং প্রথম ইউনিটের রিফুয়েলিংয়ের জন্য আরও দুটি চালানে ইউরেনিয়াম আনা হবে। সব মিলিয়ে নয়টি চালানে পারমাণবিক জ্বালানি দেশে পৌঁছানোর পরিকল্পনা রয়েছে। আগামী ডিসেম্বরের মধ্যে পুরো সরবরাহ শেষ করার লক্ষ্য রয়েছে।

প্রকল্পের কাজ নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী এগোলে ডিসেম্বরের মধ্যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে ২০০ থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হতে পারে। পর্যায়ক্রমে ইউরেনিয়ামের চালান দেশে আসার পর নির্ধারিত নিরাপত্তাব্যবস্থা অনুসরণ করে তা প্রকল্প এলাকায় নেওয়া হবে।

এডিটর ইন চীফ: গোলাম রসুল খান

মোবাইল: +447538476881

তথ্য ও প্রযুক্তি সহযোগী - আইটি ল্যাব সলিউশন্স লি.