ভারতের কাছে বড় ব্যবধানে হার, ১০ গোল হজম বাংলাদেশের

প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর, ২০২৬ ০১:৩৯ (বুধবার)
ভারতের কাছে বড় ব্যবধানে হার, ১০ গোল হজম বাংলাদেশের

এশিয়ান গেমসের পুরুষ হকিতে ভারতের কাছে বড় ব্যবধানে হারল বাংলাদেশ। সোমবার (২৮ সেপ্টেম্বর) জাপানের গিফু প্রিফেকচারাল গ্রিন স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘এ’ গ্রুপের ম্যাচে বাংলাদেশকে ১০-০ গোলে হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন ভারত।

ভারী বৃষ্টির কারণে প্রতিকূল আবহাওয়ার মধ্যেই ম্যাচটি অনুষ্ঠিত হয়। শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকা ভারত ম্যাচের প্রথম কোয়ার্টারেই অভিষেকের গোলে এগিয়ে যায়। দ্বিতীয় কোয়ার্টারে জুগরাজ সিং পেনাল্টি স্ট্রোক থেকে গোল করার পর অধিনায়ক হারমানপ্রিত সিং পেনাল্টি কর্নার থেকে গোল করে ব্যবধান বাড়ান। এরপর সুখজিৎ সিংয়ের গোলে প্রথমার্ধে ভারত ৪-০ ব্যবধানে এগিয়ে যায়।

তৃতীয় কোয়ার্টারে বাংলাদেশের ওপর আরও চাপ বাড়ায় ভারত। ৪০ মিনিটে পেনাল্টি কর্নার থেকে নিজের দ্বিতীয় গোল করেন হারমানপ্রিত। এরপর ৪৪ ও ৪৫ মিনিটে পরপর দুটি গোল করে ব্যবধান ৭-০ করেন শিলানন্দ লাকরা। একই কোয়ার্টারে আরও একটি পেনাল্টি কর্নার থেকে গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন হারমানপ্রিত।

শেষ কোয়ার্টারে বৃষ্টি আরও বেড়ে যাওয়ায় মাঠের পানি জমে খেলা কঠিন হয়ে পড়ে। এরপরও আক্রমণ অব্যাহত রাখে ভারত। ৫৯ মিনিটে পেনাল্টি কর্নার থেকে সঞ্জয় নবম গোল করেন। ম্যাচের শেষ মিনিটে বাংলাদেশের গোলরক্ষকের প্রতিহত করা বলের রিবাউন্ড থেকে গোল করে ভারতের জয় ১০-০ করেন মানদীপ সিং।

এই ম্যাচের মধ্য দিয়ে ‘এ’ গ্রুপে পাঁচ ম্যাচে পাঁচ জয় নিয়ে গ্রুপ পর্ব শেষ করেছে ভারত। অন্যদিকে বাংলাদেশ পাঁচ ম্যাচে দুটি জয় ও তিনটি হার নিয়ে গ্রুপ পর্ব শেষ করেছে।

বাংলাদেশ এর আগে গ্রুপ পর্বে দক্ষিণ কোরিয়ার কাছে ৫-০ এবং স্বাগতিক জাপানের কাছে ৬-১ গোলে হেরেছিল। পরে শ্রীলঙ্কাকে ৫-১ এবং ইন্দোনেশিয়াকে ৩-১ গোলে হারিয়ে ঘুরে দাঁড়িয়েছিল লাল-সবুজের দল।

এখন স্থান নির্ধারণী ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ চীন। ম্যাচটি ১ অক্টোবর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এডিটর ইন চীফ: গোলাম রসুল খান

মোবাইল: +447538476881

তথ্য ও প্রযুক্তি সহযোগী - আইটি ল্যাব সলিউশন্স লি.