সিলেটে অর্ধ কোটি টাকার ফেনসিডিলসহ নারী আটক
সিলেটের গোয়াইনঘাটে অভিযান চালিয়ে প্রায় ২৪ লাখ টাকা মূল্যের ১ হাজার ২০৫ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ। এ সময় কুটিনা বেগম (৪০) নামে এক নারীকে আটক করা হয়েছে।
রবিবার (৬ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে উপজেলার রুস্তমপুর ইউনিয়নের পাতনী গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। আটক কুটিনা বেগম ওই গ্রামের তেরা মিয়ার স্ত্রী।
পুলিশ জানায়, গোয়াইনঘাট থানার ওসি ওমর ফারুকের নির্দেশনায় থানার সেকেন্ড অফিসার তানভীর ফয়েজ, এসআই সুবিনয়, এএসআই অনুপম, এএসআই লোকমানসহ পুলিশের একটি দল কুটিনা বেগমের বাড়িতে অভিযান চালায়।
এ সময় বাড়ির বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়ে ১ হাজার ২০৫ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়। পুলিশের হিসাবে উদ্ধার করা ফেনসিডিলের আনুমানিক মূল্য প্রায় ২৪ লাখ টাকা। পরে ঘটনাস্থল থেকেই কুটিনা বেগমকে আটক করা হয়।
গোয়াইনঘাট থানার ওসি ওমর ফারুক জানান, সীমান্ত এলাকায় মাদক চোরাচালান ও মাদকের বিস্তার ঠেকাতে পুলিশের অভিযান আরও জোরদার করা হবে। আটক নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
আইটি ল্যাব সলিউশন্স লি.