রাষ্ট্রপতির শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

প্রকাশিত: ২১ আগস্ট, ২০২৬ ২১:৩২ (শুক্রবার)
রাষ্ট্রপতির শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন বিএনপির সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা ৭টা ৩৭ মিনিটে বঙ্গভবনের দরবার হলে আয়োজিত অনুষ্ঠানে তাকে রাষ্ট্রপতির শপথ পাঠ করান জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।

শপথ নেওয়ার পর রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর শপথ বইয়ে স্বাক্ষর করেন। ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল তার স্বাক্ষর সত্যায়িত করেন।

এর আগে বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫ ভোট পেয়ে রাষ্ট্রপতি নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় ঐক্যের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট।

রাষ্ট্রপতি নির্বাচনে মোট ভোটার ছিলেন ৩৪৯ জন সংসদ সদস্য। তাদের মধ্যে ৩৪৩ জন ভোট দেন। ভোটের ফল ঘোষণার পর মির্জা ফখরুলকে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত ঘোষণা করা হয়।

দীর্ঘ রাজনৈতিক জীবনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির অন্যতম গুরুত্বপূর্ণ নেতা হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি দীর্ঘ সময় দলটির মহাসচিবের দায়িত্বে ছিলেন। রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর তিনি বিএনপির দলীয় পদ থেকে সরে দাঁড়ান।

রাষ্ট্রপতির শপথ গ্রহণের মধ্য দিয়ে দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আনুষ্ঠানিক দায়িত্ব শুরু হলো। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি রাষ্ট্রের সাংবিধানিক প্রধান এবং বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক।

এদিকে নতুন রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানের দিনই বঙ্গভবনে মন্ত্রিসভার কয়েকজন নতুন সদস্যের শপথ অনুষ্ঠিত হয়। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাদের শপথ পাঠ করান।

মন্ত্রী হিসেবে শপথ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ, বান্দরবানের বিএনপির সংসদ সদস্য সাচিং প্রু জেরী এবং বিমান প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুয়ায়ুন কবির এবং গাইবান্ধার সংসদ সদস্য শামীম কায়সার লিংকন।

রাষ্ট্রপতির শপথকে কেন্দ্র করে বঙ্গভবন এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়। শপথ অনুষ্ঠানে সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, রাজনৈতিক নেতা, সংসদ সদস্য এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

এডিটর ইন চীফ: গোলাম রসুল খান

মোবাইল: +447538476881

তথ্য ও প্রযুক্তি সহযোগী - আইটি ল্যাব সলিউশন্স লি.