দিল্লিতে শেখ হাসিনা বক্তব্য দেওয়ায় ভারতের প্রতি বাংলাদেশের ক্ষুব্ধ প্রতিক্রিয়া

প্রকাশিত: ০৬ আগস্ট, ২০২৬ ০১:৫৭ (শনিবার)
দিল্লিতে শেখ হাসিনা বক্তব্য দেওয়ায় ভারতের প্রতি বাংলাদেশের ক্ষুব্ধ প্রতিক্রিয়া

ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গণমাধ্যমের সঙ্গে সরাসরি মতবিনিময়ের সুযোগ দেওয়ায় গভীর উদ্বেগ ও ক্ষোভ জানিয়েছে বাংলাদেশ সরকার।

বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, দিল্লিতে আয়োজিত ওই অনুষ্ঠানের মাধ্যমে শেখ হাসিনা ও তার সহযোগীরা বাংলাদেশ রাষ্ট্র ও জনগণের বিরুদ্ধে বিভিন্ন বক্তব্য দিয়েছেন।

বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ-ভারত দ্বিপক্ষীয় সম্পর্ক পুনর্গঠনের বিষয়ে সম্ভাব্য প্রভাব নিয়ে ভারত সরকারকে আগেই নিজেদের উদ্বেগের কথা জানানো হয়েছিল। এরপরও এমন একটি প্রকাশ্য অনুষ্ঠানের অনুমতি দেওয়ায় ঢাকা হতাশা প্রকাশ করছে।

বুধবার ভারতের রাজধানী দিল্লিতে ফরেন করেসপন্ডেন্টস ক্লাব অব সাউথ এশিয়ার আয়োজিত এক অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন শেখ হাসিনা। ক্ষমতাচ্যুত হওয়ার পর গত দুই বছরের মধ্যে এটিই ছিল তার প্রথম সরাসরি সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়।

অনুষ্ঠানে শেখ হাসিনা জানান, তিনি বাংলাদেশে ফিরবেন। আগামী ডিসেম্বরের মধ্যে দেশে ফেরার কথা বললেও নির্দিষ্ট কোনো তারিখ উল্লেখ করেননি তিনি।

বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও বলা হয়, বাংলাদেশের মানুষ যখন জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী পালন করছে, ঠিক সেই সময়ে ভারতের মাটিতে শেখ হাসিনার এই বক্তব্য দেওয়া জুলাই আন্দোলনের শহীদদের প্রতি অবমাননাকর এবং বাংলাদেশের সার্বভৌমত্বের ওপর আঘাত।

বিবৃতিতে উল্লেখ করা হয়, বাংলাদেশ শান্তিপূর্ণ ও পারস্পরিক সম্মানের ভিত্তিতে ভারতের সঙ্গে সম্পর্ক বজায় রাখতে চায়। তবে ২০১৩ সালের বন্দি প্রত্যর্পণ চুক্তির আওতায় দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে ফেরত পাঠানোর অনুরোধে ভারতের কাছ থেকে এখনো কোনো সাড়া পাওয়া যায়নি বলেও অভিযোগ করেছে ঢাকা।

এর আগে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছিলেন, শেখ হাসিনার ওই অনুষ্ঠানটি একটি বেসরকারি সংগঠনের উদ্যোগে আয়োজিত হয়েছে এবং এর সঙ্গে ভারত সরকারের কোনো সম্পর্ক নেই। সেখানে দেওয়া কোনো বক্তব্য ভারত সরকার সমর্থন করে না বলেও জানান তিনি।

এর আগে বাংলাদেশের পক্ষ থেকে ভারতের কাছে অনুরোধ জানানো হয়েছিল, শেখ হাসিনা বা নিষিদ্ধ আওয়ামী লীগের কোনো ব্যক্তি যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে না পারেন।

এডিটর ইন চীফ: গোলাম রসুল খান

মোবাইল: +447538476881

তথ্য ও প্রযুক্তি সহযোগী - আইটি ল্যাব সলিউশন্স লি.