লন্ডনের ছুরিকাঘাতে আহত ৪, আক্রমণকারী নারী আটক
যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের ব্যস্ত কোভেন্ট গার্ডেন এলাকায় পৃথক ছুরিকাঘাতের ঘটনায় চারজন পুরুষ আহত হয়েছেন। এ ঘটনায় ৪৭ বছর বয়সী এক নারীকে আটক করেছে মেট্রোপলিটন পুলিশ। প্রাথমিক তদন্তে ঘটনাটি মানসিক স্বাস্থ্যসংক্রান্ত বলে ধারণা করছে পুলিশ।
বুধবার (৫ আগস্ট) স্থানীয় সময় দুপুর সাড়ে ১২টার দিকে কোভেন্ট গার্ডেনের এন্ডেল স্ট্রিট এলাকায় ছুরিকাঘাতের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও জরুরি সেবা সংস্থার সদস্যরা।
পুলিশ জানায়, আহত চারজনের বয়স ৩৪, ৩৯, ৪২ ও ৫২ বছর। তাদের হাসপাতালে নেওয়া হলে চিকিৎসা শেষে দুজনকে ছেড়ে দেওয়া হয়েছে। অপর দুজন এখনও হাসপাতালে চিকিৎসাধীন থাকলেও তাদের আঘাত প্রাণঘাতী বা স্থায়ী ক্ষতির আশঙ্কাজনক নয়।
ঘটনার পর অভিযুক্ত নারীকে একটি ধারালো অস্ত্র বহন এবং হামলার অভিযোগে আটক করা হয়েছে।
মেট্রোপলিটন পুলিশের চিফ সুপারিনটেনডেন্ট জেসন স্টুয়ার্ট বলেন, খবর পাওয়ার কয়েক মিনিটের মধ্যেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তদন্তের প্রাথমিক পর্যায়ে এটিকে বিচ্ছিন্ন একটি ঘটনা হিসেবে দেখা হচ্ছে এবং এর সঙ্গে মানসিক স্বাস্থ্যজনিত বিষয় জড়িত থাকতে পারে।
তিনি জানান, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকবে এবং স্থানীয় বাসিন্দাদের উদ্বিগ্ন হওয়ার কারণ নেই।
ঘটনার সময় লন্ডন এয়ার অ্যাম্বুলেন্সও উদ্ধার অভিযানে অংশ নেয়। তবে আহতদের সবাইকে সড়কপথে হাসপাতালে নেওয়া হয়। পরে ঘটনাস্থলে তৈরি করা পুলিশ কর্ডন প্রত্যাহার করা হয়েছে।
স্থানীয় একটি মাছ ও চিপসের দোকানের ব্যবস্থাপক আরজান জর্জা জানান, তিনি দেখেছেন ওই নারী হঠাৎ পথচারীদের ওপর হামলা চালান। কিছুক্ষণ পর পুলিশ এসে তাকে আটক করে।
আরেক প্রত্যক্ষদর্শীর দাবি, শ্যাফটসবারি থিয়েটারের সামনে প্রথমে কয়েকজনকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করার পর অভিযুক্ত নারী এন্ডেল স্ট্রিটের দিকে চলে আসেন, যেখানে পুলিশ তাকে আটক করে।
এদিকে, কাছের একটি নরসুন্দরের দোকানের কর্মী জানান, আহতদের একজন দোকানে ঢুকে পুলিশের সঙ্গে যোগাযোগের জন্য সাহায্য চান। তার ভাষ্য, আহত ব্যক্তি আতঙ্কিত অবস্থায় ছিলেন এবং পুলিশ খুব দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।
ঘটনার কারণ ও হামলার পেছনের উদ্দেশ্য জানতে তদন্ত চালিয়ে যাচ্ছে মেট্রোপলিটন পুলিশ।
আইটি ল্যাব সলিউশন্স লি.