রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে কমিটি গঠন
রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও হয়রানিমূলক মামলা প্রত্যাহারের বিষয়ে সুপারিশ প্রণয়নের লক্ষ্যে জেলা পর্যায়ে কমিটি গঠন করেছে সরকার। এ সংক্রান্ত কার্যক্রম সুষ্ঠু ও নির্ধারিত প্রক্রিয়ায় সম্পন্ন করতে কমিটির গঠন, দায়িত্ব ও কার্যপদ্ধতি নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, প্রতিটি জেলার জেলা ম্যাজিস্ট্রেট কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন। কমিটির সদস্য থাকবেন সংশ্লিষ্ট জেলার পুলিশ সুপার ও পাবলিক প্রসিকিউটর (পিপি)। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সদস্য-সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন। মহানগর এলাকায় পুলিশ সুপারের পরিবর্তে পুলিশের একজন ডেপুটি কমিশনার এবং পাবলিক প্রসিকিউটরের পরিবর্তে মহানগর পাবলিক প্রসিকিউটর কমিটিতে সদস্য হিসেবে থাকবেন।
মামলা প্রত্যাহারের জন্য সংশ্লিষ্ট মামলার আসামি অথবা তার পিতা, মাতা, স্ত্রী, স্বামী, ভাই, বোন, ছেলে কিংবা মেয়ের মধ্যে যেকোনো একজন সকল আসামির পক্ষে সংশ্লিষ্ট জেলার জেলা ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন করতে পারবেন।
আবেদনের সঙ্গে মামলার প্রয়োজনীয় দলিলপত্রের আইনজীবী কর্তৃক সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নতুন এই প্রজ্ঞাপন কার্যকর হওয়ার ফলে এ বিষয়ে গত ২১ মে জারি করা পূর্বের প্রজ্ঞাপন বাতিল বলে গণ্য হবে। নতুন সিদ্ধান্তটি অবিলম্বে কার্যকর হবে।
আইটি ল্যাব সলিউশন্স লি.