ইরানে হামলা দ্বিতীয় দিনের মতো স্থগিত ট্রাম্পের

প্রকাশিত: ২৭ জুলাই, ২০২৬ ০৩:৪৫ (মঙ্গলবার)
ইরানে হামলা দ্বিতীয় দিনের মতো স্থগিত ট্রাম্পের

ইরানের বিরুদ্ধে টানা সামরিক অভিযানের মধ্যে দ্বিতীয় দিনের মতো হামলা স্থগিত রেখেছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কূটনৈতিক প্রচেষ্টাকে আরও সময় দিতে এ সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন জাতিসংঘে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মাইক ওয়াল্টজ।

রোববার (২৬ জুলাই) ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ওয়াল্টজ বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প আলোচনার পথ খোলা রাখতে চান এবং কূটনৈতিক উদ্যোগকে এগিয়ে নেওয়ার জন্য কিছুটা সময় দিচ্ছেন।

এদিকে ইরানের সেনাবাহিনীর এক মুখপাত্রও জানিয়েছেন, তেহরান আপাতত মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পরিচালিত ‘প্রতিশোধমূলক’ হামলা স্থগিত রেখেছে।

সব বিকল্প এখনও খোলা

হামলা বন্ধের সিদ্ধান্তকে স্থায়ী নীতিগত পরিবর্তন হিসেবে দেখার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন মার্কিন রাষ্ট্রদূত। এনবিসিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, প্রেসিডেন্ট এখনো সব ধরনের বিকল্প বিবেচনায় রেখেছেন এবং প্রয়োজন হলে পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নেবেন।

এ সময় নিউইয়র্ক টাইমসে প্রকাশিত একটি প্রতিবেদনেরও জবাব দেন ওয়াল্টজ। ওই প্রতিবেদনে দাবি করা হয়েছিল, দীর্ঘমেয়াদি সংঘাত মার্কিন আকাশ প্রতিরক্ষা অস্ত্রের মজুদের ওপর চাপ সৃষ্টি করতে পারে। তবে তিনি দাবি করেন, অভিযানের জন্য প্রয়োজনীয় সব সামরিক সক্ষমতা যুক্তরাষ্ট্রের হাতে রয়েছে।

হরমুজ প্রণালি নিয়ে নতুন আলোচনা

সাম্প্রতিক সংঘাতের কেন্দ্রবিন্দুতে থাকা হরমুজ প্রণালি নিয়ে ইরান ও ওমানের মধ্যে নতুন দফায় কারিগরি আলোচনা হয়েছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানান, শুক্রবার ও শনিবার তেহরানে বৈঠকে প্রণালির নিরাপত্তা ও ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হয়।

বিশ্বের জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথকে ঘিরেই চলমান উত্তেজনা সৃষ্টি হয়েছে। জুনে যুদ্ধবিরতি ও প্রণালি পুনরায় উন্মুক্ত করার বিষয়ে দুই দেশের মধ্যে সমঝোতা হলেও চলতি মাসে নতুন করে হামলা-পাল্টা হামলার পর পরিস্থিতি আবারও জটিল হয়ে ওঠে।

যুদ্ধে বাড়ছে প্রাণহানি

জুলাইয়ের মাঝামাঝি হরমুজ প্রণালিতে ট্যাংকারে হামলার পর যুক্তরাষ্ট্র আবারও ইরানে বিমান হামলা শুরু করে এবং ইরানি বন্দরগুলোর ওপর নৌ অবরোধ জোরদার করে। এর জবাবে ইরান মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালায়। এতে চার মার্কিন সেনা নিহত হন।

ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, মার্কিন হামলায় দেশটিতে কয়েক ডজন মানুষ নিহত হয়েছেন।

তেলের বাজারে প্রভাব

সংঘাতের জেরে আন্তর্জাতিক বাজারে জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ বেড়েছে। চলতি সপ্তাহে অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়িয়েছে, যা গত মে মাসের পর সর্বোচ্চ।

ট্রাম্প-নেতানিয়াহু বৈঠক মঙ্গলবার

চলমান পরিস্থিতির মধ্যেই আগামী মঙ্গলবার ওয়াশিংটনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকে বসবেন প্রেসিডেন্ট ট্রাম্প। মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি ও ইরান ইস্যু বৈঠকের অন্যতম আলোচ্য বিষয় হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সূত্র: বিবিসি।

এডিটর ইন চীফ: গোলাম রসুল খান

মোবাইল: +447538476881

তথ্য ও প্রযুক্তি সহযোগী - আইটি ল্যাব সলিউশন্স লি.