অনলাইন জুয়া: বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক বরখাস্ত

প্রকাশিত: ২২ জুলাই, ২০২৬ ০৩:৩২ (মঙ্গলবার)
অনলাইন জুয়া: বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক বরখাস্ত

অনলাইন জুয়া ও সন্দেহজনক আর্থিক লেনদেনে সম্পৃক্ততার অভিযোগের পর বাংলাদেশ ব্যাংকের এক সহকারী পরিচালককে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বরখাস্ত হওয়া কর্মকর্তা রকিবুল হাসান খান বাংলাদেশ ব্যাংকের সাধারণ বিভাগে কর্মরত ছিলেন এবং এক নির্বাহী পরিচালকের ব্যক্তিগত কর্মকর্তা (পিএস) হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) থেকে অভিযোগ পাওয়ার পর নিয়ম অনুযায়ী তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

তিনি বলেন, অভিযোগের তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অথবা অভিযোগ থেকে অব্যাহতি না পাওয়া পর্যন্ত রকিবুল হাসান সাময়িক বরখাস্ত থাকবেন। অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে স্থায়ী প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

তদন্তসংশ্লিষ্ট সূত্র জানায়, অনলাইন জুয়া, বিভিন্ন গেমিং প্ল্যাটফর্মে বেটিং এবং ক্রিপ্টোকারেন্সি লেনদেনসংক্রান্ত একটি মামলার তদন্ত করতে গিয়ে রকিবুল হাসানের ব্যাংক হিসাবে অস্বাভাবিক আর্থিক লেনদেনের তথ্য পায় তদন্তকারী সংস্থা।

এ তথ্যের ভিত্তিতে গত ১৫ জুলাই তাকে জিজ্ঞাসাবাদের জন্য বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে যায় গোয়েন্দা সংস্থার একটি দল। তবে সেদিন তাকে সেখানে পাওয়া যায়নি।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, অভিযোগের বিষয়ে তদন্ত শেষ হওয়ার পর প্রাপ্ত তথ্য ও প্রমাণের ভিত্তিতে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

এডিটর ইন চীফ: গোলাম রসুল খান

মোবাইল: +447538476881

তথ্য ও প্রযুক্তি সহযোগী - আইটি ল্যাব সলিউশন্স লি.