যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে বিশ্বনেতাদের অভিনন্দন

প্রকাশিত: ২১ জুলাই, ২০২৬ ০৩:২৫ (মঙ্গলবার)
যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে বিশ্বনেতাদের অভিনন্দন

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের প্রথম দিনেই বিশ্বের প্রভাবশালী কয়েকজন নেতার সঙ্গে কথা বলেছেন অ্যান্ডি বার্নহাম। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে ভবিষ্যৎ সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

সোমবার (২০ জুলাই) ডাউনিং স্ট্রিট জানায়, বার্নহাম প্রথমে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে টেলিফোনে কথা বলেন। এ সময় তিনি ইউক্রেনের প্রতি যুক্তরাজ্যের অব্যাহত সমর্থনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন এবং জেলেনস্কিকে সুবিধাজনক সময়ে যুক্তরাজর্য সফরের আমন্ত্রণ জানান।

পরে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে আলাপকালে দুই নেতা যুক্তরাজ্য-ফ্রান্স সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে একমত হন। আলোচনায় ইউক্রেন পরিস্থিতি, হরমুজ প্রণালিতে নিরাপত্তা, জ্বালানি সহযোগিতা এবং প্রতিরক্ষা ইস্যুও গুরুত্ব পায়।

একই দিনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গেও কথা বলেন বার্নহাম। ডাউনিং স্ট্রিটের তথ্য অনুযায়ী, দুই নেতা ভবিষ্যতে বৈঠকের বিষয়ে আগ্রহ প্রকাশ করেন। বার্নহাম ট্রাম্পকে ম্যানচেস্টর সফরের আমন্ত্রণ জানান এবং যুক্তরাজ্য-যুক্তরাষ্ট্র সম্পর্ক আরও শক্তিশালী করার বিষয়ে আলোচনা করেন।

এদিকে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লেয়েনও নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন। এক বার্তায় তিনি ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাজ্যের অংশীদারিত্ব আরও গভীর করার আশাবাদ ব্যক্ত করেন।

বিশ্লেষকদের মতে, দায়িত্ব গ্রহণের প্রথম দিনেই আন্তর্জাতিক নেতাদের সঙ্গে ধারাবাহিক যোগাযোগ বার্নহামের পররাষ্ট্রনীতির অগ্রাধিকার এবং মিত্র দেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরদারের ইঙ্গিত বহন করছে।

সূত্র: বিবিসি, ডাউনিং স্ট্রিট।

এডিটর ইন চীফ: গোলাম রসুল খান

মোবাইল: +447538476881

তথ্য ও প্রযুক্তি সহযোগী - আইটি ল্যাব সলিউশন্স লি.