যুক্তরাজ্যের নতুন মন্ত্রীসভায় স্থান পেলেন যারা

প্রকাশিত: ২১ জুলাই, ২০২৬ ০৩:২৩ (মঙ্গলবার)
যুক্তরাজ্যের নতুন মন্ত্রীসভায় স্থান পেলেন যারা

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম দায়িত্ব গ্রহণের কয়েক ঘণ্টার মধ্যেই তার নতুন মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্যদের নাম ঘোষণা করেছেন। নতুন সরকারের চ্যান্সেলর (অর্থমন্ত্রী) হিসেবে দায়িত্ব পেয়েছেন জন হিলি। আর পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে সাবেক লেবার পার্টির নেতা এড মিলিব্যান্ডকে।

সোমবার (২০ জুলাই) ডাউনিং স্ট্রিটে নতুন সরকারের প্রথম দফার মন্ত্রিসভা ঘোষণা করা হয়।

অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর জন হিলি বলেন, প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহামের সঙ্গে সমন্বয় করে দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা এবং সরকারের আর্থিক নীতিমালা বাস্তবায়নে তিনি কাজ করবেন। তিনি বলেন, সরকারের নির্ধারিত আর্থিক শৃঙ্খলা কঠোরভাবে অনুসরণ করা হবে।

অন্যদিকে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পেয়ে এড মিলিব্যান্ড বলেন, এটি তার রাজনৈতিক জীবনের সবচেয়ে বড় সম্মান। আন্তর্জাতিক অঙ্গনে যুক্তরাজ্যের অবস্থান আরও শক্তিশালী করতে তিনি কাজ করবেন বলেও জানান।

নতুন মন্ত্রিসভায় অ্যাঞ্জেলা রেইনারকে আবারও আবাসনমন্ত্রী করা হয়েছে। শাবানা মাহমুদ স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে বহাল রয়েছেন। লিসা ন্যান্ডি সংস্কৃতিমন্ত্রী হিসেবে পুনর্নিয়োগ পেয়েছেন।

এ ছাড়া স্বাস্থ্য ও সামাজিক সেবামন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন ইভেট কুপার। দায়িত্ব গ্রহণের পর তিনি মাতৃত্বকালীন স্বাস্থ্যসেবা, সামাজিক সেবা খাতের সংস্কার এবং জাতীয় স্বাস্থ্যসেবা (এনএইচএস) উন্নয়নে দ্রুত কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন।

প্রধানমন্ত্রী হিসেবে প্রথম দিনেই বার্নহাম ১০ বছরের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের ঘোষণা দেন। তিনি জীবনযাত্রার ব্যয় কমানো, গৃহহীনতা দূর করা, স্থানীয় সরকারকে আরও ক্ষমতায়ন এবং নতুন কাউন্সিল হাউজ নির্মাণকে সরকারের অগ্রাধিকার হিসেবে উল্লেখ করেন।

সূত্র: বিবিসি, ডাউনিং স্ট্রিট।

এডিটর ইন চীফ: গোলাম রসুল খান

মোবাইল: +447538476881

তথ্য ও প্রযুক্তি সহযোগী - আইটি ল্যাব সলিউশন্স লি.