স্পন্সর ছাড়াই ভিসা ও বসবাসের সুযোগ নিয়ে ওমানের নতুন ভিসা নীতি
বিদেশি বিনিয়োগ আকর্ষণ এবং আবাসন খাতকে আরও গতিশীল করতে ভিসা ও বসবাস সংক্রান্ত নীতিতে গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে ওমান সরকার। নতুন নিয়ম অনুযায়ী, দেশটিতে সম্পত্তি ক্রয়কারী ও বিনিয়োগকারী বিদেশিরা এখন সরাসরি ভিসা ও রেসিডেন্স পারমিটের জন্য আবেদন করতে পারবেন। এ ক্ষেত্রে কোনো ওমানি নাগরিক বা প্রতিষ্ঠানের স্পন্সরের প্রয়োজন হবে না।
রয়্যাল ওমান পুলিশ (ROP) সম্প্রতি এ সংক্রান্ত নতুন নির্দেশনা জারি করেছে বলে জানিয়েছে উপসাগরীয় সংবাদমাধ্যম গালফ নিউজ।
নতুন নীতির আওতায়, যেসব বিদেশি ওমানে জমি বা সম্পত্তি কিনেছেন কিন্তু নিবন্ধন প্রক্রিয়া এখনো সম্পন্ন হয়নি, তারাও বসবাসের অনুমতির জন্য আবেদন করতে পারবেন। এজন্য সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষের প্রদত্ত সনদ বা অনুমোদনপত্র জমা দিলেই আবেদন গ্রহণ করা হবে।
এ সুবিধা শুধু সম্পত্তির মালিকের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। তাদের নিকটাত্মীয়রাও একই সুবিধার আওতায় বসবাসের অনুমতি পাওয়ার সুযোগ পাবেন।
এছাড়া, ওমানে কার্যক্রম পরিচালনাকারী বিদেশি বিনিয়োগকারী কোম্পানির প্রতিনিধিদের জন্যও ভিসা প্রক্রিয়া সহজ করা হয়েছে। নতুন ব্যবস্থায় তারা স্পন্সর ছাড়াই ভিসা পাওয়ার সুযোগ পাবেন, যা বিদেশি ব্যবসায়ীদের জন্য বড় ধরনের স্বস্তি হিসেবে দেখা হচ্ছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, যেসব সম্পত্তির নিবন্ধন এখনো চূড়ান্ত হয়নি, সেসব ক্ষেত্রে আবেদনকারীদের প্রাথমিকভাবে ছয় মাস থেকে এক বছরের মেয়াদি ভিসা দেওয়া হবে। অন্যদিকে, বিনিয়োগকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের ভিসা অনুমোদনের পর তিন মাসের মধ্যে ওমানে প্রবেশ করতে হবে।
বিশ্লেষকদের মতে, অর্থনীতির বহুমুখীকরণ এবং দীর্ঘমেয়াদি বিদেশি বিনিয়োগ বাড়ানোর লক্ষ্যেই এ পদক্ষেপ নিয়েছে ওমান। বিশেষ করে উপসাগরীয় অঞ্চলে বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরির প্রতিযোগিতায় দেশটি নিজেদের অবস্থান আরও শক্তিশালী করতে চায়।
তাদের মতে, স্পন্সরশিপের বাধ্যবাধকতা শিথিল হওয়ায় আন্তর্জাতিক বিনিয়োগকারী, সম্পত্তি ক্রেতা এবং বিদেশি উদ্যোক্তাদের কাছে ওমান এখন আরও আকর্ষণীয় গন্তব্য হয়ে উঠবে।
আইটি ল্যাব সলিউশন্স লি.