জাতীয় সংসদ ভবনে ফাটল

প্রকাশিত: ২২ জুন, ২০২৬ ২০:০৭ (শুক্রবার)
জাতীয় সংসদ ভবনে ফাটল

জাতীয় সংসদ ভবনের বিভিন্ন স্তরে ফাটল দেখা দিয়েছে এবং বৃষ্টির পানি চুইয়ে পড়ার মতো অবকাঠামোগত ত্রুটি তৈরি হয়েছে। দেশের সর্বোচ্চ আইন প্রণয়ন কেন্দ্রের নিরাপত্তা ও মর্যাদা অক্ষুণ্ণ রাখতে বিষয়টি সংসদে উপস্থাপন করে স্পিকারের দৃষ্টি আকর্ষণ করেছেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য রাশেদুল ইসলাম রাশেদ।

সোমবার (২২ জুন) জাতীয় সংসদের বাজেট অধিবেশনের ১২তম দিনে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে এই নোটিশটি উপস্থাপন করেন তিনি। নোটিশে ভবনের বর্তমান নাজুক পরিস্থিতির কথা তুলে ধরে দ্রুত সংস্কারের দাবি জানান রাশেদুল ইসলাম। বিষয়টিকে গুরুত্বপূর্ণ বিবেচনা করে স্পিকার প্রয়োজনীয় ও দ্রুত ব্যবস্থা নিতে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহেরকে অনুরোধ জানান। তবে নোটিশটি সংসদ সচিবালয় সংক্রান্ত বিষয় হওয়ায় বিধি অনুযায়ী এটি আনুষ্ঠানিকভাবে গ্রহণ করা হয়নি।

এদিন কার্যসূচির শুরুতে জামায়াতের আরেক সংসদ সদস্য মুজিবুর রহমান ভিন্ন একটি নোটিশের মাধ্যমে সংসদ সদস্যদের পরিচিতি নিয়ে দাবি তোলেন। তিনি বলেন, সংসদের চার মাস পার হলেও এখনো অনেক সদস্যের সঙ্গে পরস্পরের পরিচয় ঘটেনি। টেলিভিশন স্ক্রিনে সংসদীয় কার্যক্রম সম্প্রচারের সময় শুধু সংশ্লিষ্ট সদস্যের চেহারা দেখা যায় এবং বক্তব্য শোনা যায়, কিন্তু তার নাম বা নির্বাচনী এলাকা জানার কোনো ব্যবস্থা নেই। স্ক্রিনে নাম ও এলাকার নাম ভেসে উঠলে সবার জন্য পরিচিত হওয়া সহজ হবে বলে মত দেন তিনি।

মুজিবুর রহমানের এই দাবিকে যুক্তিযুক্ত বলে আখ্যা দিয়ে স্পিকার সংসদ সচিবালয়কে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। ফলে এখন থেকে সংসদ সদস্যরা বক্তব্য দেওয়ার সময় টেলিভিশন স্ক্রিনে তাদের নাম ও নির্বাচনী এলাকা প্রদর্শনের ব্যবস্থা করা হবে। তবে এই বিষয়টিও বিশেষ অধিকারের আওতাভুক্ত না হওয়ায় নোটিশটি আনুষ্ঠানিকভাবে গ্রহণ করা হয়নি।

এডিটর ইন চীফ: গোলাম রসুল খান

মোবাইল: +447538476881

তথ্য ও প্রযুক্তি সহযোগী - আইটি ল্যাব সলিউশন্স লি.