মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে আইটি ল্যাব সলিউশন্সের তথ্যপ্রযুক্তি বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

প্রকাশিত: ২২ জুন, ২০২৬ ১৭:৪১ (শুক্রবার)
মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে আইটি ল্যাব সলিউশন্সের তথ্যপ্রযুক্তি বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

তরুণদের শিল্পখাতভিত্তিক তথ্যপ্রযুক্তি দক্ষতা উন্নয়ন এবং পেশাজীবনের প্রস্তুতি জোরদারে সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হয়েছে তথ্যপ্রযুক্তি বিষয়ক একটি সেমিনার।

দেশের তথ্যপ্রযুক্তি সেবাদানকারী প্রতিষ্ঠান আইটি ল্যাব সলিউশন্স লিমিটেড-এর উদ্যোগে গত রোববার (২১ জুন) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ‘ইন্ডাস্ট্রিয়াল আইটি সেক্টর: দক্ষতা, মানদণ্ড ও প্রত্যাশা’ শীর্ষক সেমিনারটি অনুষ্ঠিত হয়।

সেমিনারে শিক্ষার্থীদের শিল্পখাতভিত্তিক তথ্যপ্রযুক্তি খাতে ক্যারিয়ার গড়ে তুলতে প্রয়োজনীয় দক্ষতা, পেশাগত মানদণ্ড এবং বাস্তবভিত্তিক প্রস্তুতি সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হয়। পাশাপাশি বর্তমান প্রযুক্তিনির্ভর বিশ্বে বিভিন্ন আইটি খাত, কর্মক্ষেত্রের ধরন, চাকরির সুযোগ এবং শিল্পখাতের চাহিদা নিয়ে আলোচনা করেন বক্তারা।

এ সময় আইটি ল্যাব সলিউশন্স লিমিটেডের ইন্টার্নশিপ কার্যক্রম, দক্ষতা উন্নয়ন কর্মসূচি এবং ভবিষ্যৎ কর্মসংস্থানের বিভিন্ন সম্ভাবনাও শিক্ষার্থীদের সামনে তুলে ধরা হয়।

প্রেজেন্টেশন শেষে অনুষ্ঠিত হয় উন্মুক্ত প্রশ্নোত্তর পর্ব। এতে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা তথ্যপ্রযুক্তি খাতে ক্যারিয়ার, দক্ষতা অর্জন এবং চাকরির প্রস্তুতি নিয়ে বিভিন্ন প্রশ্ন করেন। বক্তারা তাদের বাস্তব অভিজ্ঞতার আলোকে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মেট্রোপলিটন ইউনিভার্সিটির সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ফুয়াদ আহমেদ।

সেমিনার আয়োজনের সার্বিক সহযোগিতা করেন সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক ওয়াদিয়া ইকবাল চৌধুরী এবং এসডব্লিউই ইনোভেটরস ফোরাম, মেট্রোপলিটন ইউনিভার্সিটি-এর সদস্যরা।

সেমিনারে মূল উপস্থাপনা করেন আইটি ল্যাব সলিউশন্স লিমিটেডের সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার ও অ্যানালিস্ট দেবজ্যোতি চৌধুরী এবং সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার মো. ইমরুল হাসান। সার্বিক সহযোগিতায় ছিলেন সিনিয়র ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপার ও ট্রেনিং কো-অর্ডিনেটর মৃদুল কান্তি ভট্টাচার্য এবং জুনিয়র ডেভেলপার অভিষেক চৌধুরী।

এ ছাড়া সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষকবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত থেকে শিক্ষার্থীদের উৎসাহিত করেন।

অনুষ্ঠানের শেষপর্বে অংশগ্রহণকারী শিক্ষক-শিক্ষার্থী এবং সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সেমিনারের সমাপ্তি ঘোষণা করা হয়।

এডিটর ইন চীফ: গোলাম রসুল খান

মোবাইল: +447538476881

তথ্য ও প্রযুক্তি সহযোগী - আইটি ল্যাব সলিউশন্স লি.