ইংলিশ চ্যানেলে রুশ যুদ্ধজাহাজের গুলিবর্ষণ

প্রকাশিত: ১৭ জুন, ২০২৬ ১৭:৫৪ (বুধবার)
ইংলিশ চ্যানেলে রুশ যুদ্ধজাহাজের গুলিবর্ষণ

ইংলিশ চ্যানেলে যুক্তরাজ্যের পতাকাবাহী একটি বেসামরিক ইয়টের কাছে সতর্কতামূলক গুলিবর্ষণের ঘটনায় রাশিয়ার সমালোচনা করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। তিনি ঘটনাটিকে ‘গভীর উদ্বেগজনক’ ও ‘বেপরোয়া’ বলে মন্তব্য করেছেন।

বুধবার (১৭ জুন) ফ্রান্সে অনুষ্ঠিত জি-৭ সম্মেলনের ফাঁকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্টারমার বলেন, ইউক্রেন যুদ্ধের পঞ্চম বছরে ইউরোপজুড়ে রাশিয়ার আগ্রাসী আচরণ উদ্বেগ বাড়াচ্ছে। তবে এই ঘটনাকে তিনি বড় ধরনের সামরিক সংকটের ইঙ্গিত হিসেবে দেখছেন না।

যা ঘটেছিল

ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় ও রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, মঙ্গলবার আইল অব ওয়াইট থেকে প্রায় ২০ নটিক্যাল মাইল দক্ষিণে, ব্রিটিশ জলসীমার বাইরে এ ঘটনা ঘটে।

রাশিয়ার অ্যাডমিরাল গ্রিগোরোভিচ ফ্রিগেটের দাবি, ‘ব্রাইট ফিউচার’ নামের ব্রিটিশ ইয়টটি তাদের যুদ্ধজাহাজের দিকে বিপজ্জনকভাবে এগিয়ে আসছিল। একাধিকবার রেডিও যোগাযোগ, সাইরেন ও সংকেত দেওয়ার পরও ইয়টটি পথ পরিবর্তন না করায় ছোট অস্ত্র দিয়ে সতর্কতামূলক গুলি ছোড়া হয়। মস্কোর দাবি, গুলিগুলো ইয়টকে লক্ষ্য করে নয়, সম্ভাব্য সংঘর্ষ এড়ানোর জন্য ছোড়া হয়েছিল।

ইয়টের আরোহীদের ভিন্ন দাবি

ইয়টে থাকা ব্রিটিশ দম্পতি রুশ বক্তব্য প্রত্যাখ্যান করেছেন। তাদের দাবি, তারা সংঘর্ষের পথে ছিলেন না এবং রুশ যুদ্ধজাহাজের দাবি ‘সম্পূর্ণ মিথ্যা’। তারা জানান, হর্ন বাজানোর পর তারা পথ পরিবর্তন করেছিলেন, এরপরই কয়েকটি গুলির শব্দ শোনা যায়। ঘটনায় কেউ আহত হননি এবং ইয়টেরও কোনো ক্ষতি হয়নি।

যুক্তরাজ্যের অবস্থান

যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ঘটনাটি তদন্ত করে দেখা হয়েছে এবং এটি একটি ‘বিচ্ছিন্ন ঘটনা’। কয়েকদিন আগে রাশিয়ার তথাকথিত ‘শ্যাডো ফ্লিট’-এর একটি তেলবাহী জাহাজ জব্দ করার ঘটনার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই বলেও জানিয়েছে তারা। 

ঘটনার সময় ব্রিটিশ রয়্যাল নেভির এইচএমএস মার্সি (HMS Mersey) রুশ যুদ্ধজাহাজটিকে পর্যবেক্ষণ করছিল। পরে এইচএমএস টাইন (HMS Tyne) ইয়টটির কাছে গিয়ে আরোহীদের নিরাপত্তার খোঁজ নেয়। 

বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক সময়ে ইংলিশ চ্যানেলে রুশ নৌতৎপরতা এবং পশ্চিমা নিষেধাজ্ঞা বাস্তবায়নে যুক্তরাজ্যের কঠোর অবস্থানের কারণে দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বেড়েছে।

এডিটর ইন চীফ: গোলাম রসুল খান

মোবাইল: +447538476881

তথ্য ও প্রযুক্তি সহযোগী - আইটি ল্যাব সলিউশন্স লি.